দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে সরকারের উদ্যোগে সহায়তা দিতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে লায়ন্স ক্লাব বাংলাদেশের ২৫তম বার্ষিক মাল্টিপল ডিস্ট্রিক্ট সমেঞ্চলনে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আন্তরিক প্রয়াস সত্ত্বেও সম্পদের সীমাবদ্ধতার কারণে সরকারের একার পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। তাই সমাজের বিত্তবানদের একইভাবে এগিয়ে আসতে হবে। বিত্তবানেরা এগিয়ে এলে সেবার পরিধি ও মান বাড়ানো সহজ হবে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি, লায়নিজমের আদর্শ অনুসরণ করে সমাজের বিত্তবান ও সম্পদশালীরা আর্তমানবতার পাশে দাঁড়াবে।’ জনগণের কল্যাণে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের ভূমিকার প্রশংসা করেন শেখ হাসিনা। তিনি বলেন, এই ক্লাব ৯৪ বছর ধরে ২০৬টি দেশে সেবামূলক কর্মসূচি পরিচালনা করছে। ক্লাবটি জাতিসংঘের ঘোষণা বাস্তবায়নে ২০২০ সালের মধ্যে বিশ্বব্যাপী অন্ধত্ব মোচনে নিরলসভাবে কাজ করছে। এই কর্মসূচির আওতায় লায়ন্স ক্লাব প্রান্তিক জনগোষ্ঠীর অন্ধত্ব মোচনের পাশাপাশি নিজস্ব হাসপাতালের মাধ্যমে ঢাকাসহ দেশব্যাপী স্বাস্থ্যসেবা দিতে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ছাড়া শিশু স্বাস্থ্যসেবা, শিক্ষা বিস্তার, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান, প্রতিবন্ধীদের পুনর্বাসন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও কাজ করে যাচ্ছে, যা সরকারি কর্মসূচির ক্ষেত্রে খুবই উৎসাহব্যঞ্জক ও সহায়ক।কাউন্সিল সভাপতি এ কে এম রেজাউল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সাবেক পরিচালক শেখ কবির হোসেন ও মোসলেম আলী খান, ইন্টারন্যাশনাল ডাইরেক্ট এনডোসি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সম্মেলনের সভাপতি স্থপতি নিখিল সি গুহ প্রমুখ বক্তৃতা করেন।অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে লায়ন্স ক্লাবের মানবতার সেবায় বৈশ্বিক পদক ও সম্মানসূচক পদক দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় লায়ন্স ক্লাবের ১৭ জন সদস্যের মধ্যে প্রধানমন্ত্রী ক্রেস্ট বিতরণ করেন।