অতিথি : প্রথম আলোয় মতবিনিময়ে জার্মান রাষ্ট্রদূত
দেশের উন্নয়নে স্বাধীন গণমাধ্যম ও নাগরিক সমাজ জরুরি

ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত টমাস প্রিনজ বলেছেন, একটি দেশের উন্নয়নের স্বার্থে স্বাধীন গণমাধ্যম ও নাগরিক সমাজ জরুরি। কারণ, গণমাধ্যম অবাধ ও শক্তিশালী হলে তা সরকারকে উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করে। তাই নাগরিক সমাজ, গণমাধ্যম ও বেসরকারি সংস্থার (এনজিও) ওপর সরকারের চাপ নিয়ে জার্মানি উদ্বিগ্ন।
গতকাল সোমবার প্রথম আলো কার্যালয় পরিদর্শনে এসে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় জার্মান রাষ্ট্রদূত এসব কথা বলেন। প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এই মতবিনিময় সঞ্চালনা করেন। রাজধানীর কারওয়ান বাজারে সিএ ভবনের পঞ্চম তলায় প্রথম আলোর সভাকক্ষে এই মতবিনিময় হয়।
ঢাকায় জার্মানির ১৪তম রাষ্ট্রদূত প্রিনজ সূচনা বক্তব্য দেন। এরপর তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সূচনা বক্তব্যে তিনি বলেন, ‘আমি মনে করি, একটি দেশের জন্য স্বাধীন ও সরকারের কাজের ইতিবাচক সমালোচক গণমাধ্যম থাকাটা গুরুত্বপূর্ণ। কারণ সমাজের রাজনৈতিক উন্নয়নের জন্য কোথায় কী করা দরকার, সেটি গণমাধ্যমই আঙুল তুলে দেখিয়ে দেয়। একটি অবাধ ও শক্তিশালী গণমাধ্যম থাকলে তা সরকারকে উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সহায়ক ভূমিকা রাখতে পারে।’
দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশকে কীভাবে দেখেন, জানতে চাইলে জার্মানির রাষ্ট্রদূত বলেন, ‘১৯৭১-এ টেলিভিশনের সামনে বসে বাংলাদেশের সংগ্রামের খবর দেখতাম। জার্মানির অধিকাংশ মানুষ বাংলাদেশের লড়াইয়ে পাশে ছিল। বাংলাদেশের মানুষের আবেগের সঙ্গে আমাদের আবেগ এক হয়ে যাওয়ায় এ দেশ নিয়ে সব সময় জার্মানিতে আগ্রহ কাজ করেছে। আমাদের জন্য এবং ইউরোপের জন্য বাংলাদেশের আলাদা গুরুত্ব আছে। তাই তো ইউরোপীয় পার্লামেন্টে বাংলাদেশ নিয়ে বিতর্ক হওয়া মানে এখানে কী ঘটছে, তা নিবিড়ভাবে দেখা হচ্ছে। বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে দেখে বলেই এখানকার গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টে একটি প্রস্তাব আনা হয়েছে। তাই ইউরোপীয় পার্লামেন্টের রাজনৈতিক মতামতকে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে দেখবে।’
রাষ্ট্রদূত বলেন, দুই দেশের বাণিজ্য সম্পর্কও বেশ ভালো। বর্তমানে ব্যবসার পরিমাণ বছরে সাড়ে চার বিলিয়ন ইউরো। বাংলাদেশের তৈরি পোশাকের দ্বিতীয় বৃহত্তম বাজার জার্মানি। বাংলাদেশের রপ্তানিকে বহুমাত্রিক করতে ভবিষ্যতে তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের দিকে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে আগামী বছর জার্মানির তথ্যপ্রযুক্তি ব্যবসার সঙ্গে জড়িত একটি প্রতিনিধিদলকে বাংলাদেশে আনার কাজ চলছে। তিনি বলেন, ‘তবে দুই দেশের চমৎকার সম্পর্কের পরও বাংলাদেশে নাগরিক সমাজের কাজের ক্ষেত্র সংকুচিত হওয়াও আমাদের কিছুটা উদ্বিগ্ন করছে। এ ছাড়া গণমাধ্যমের ওপর চাপ, কার্যত কোনো বিরোধী দল না থাকা এবং গণমাধ্যম, নাগরিক সমাজ ও এনজিওর ওপর চাপের বিষয়গুলো আমাদের উদ্বিগ্ন করে। আমরা আশা করব, সরকার এ বিষয়গুলোর নেতিবাচক দিকটিকে বিবেচনায় নেবে।’
জার্মানিতে আইএসের ঝুঁকি কতটা জানতে চাইলে টমাস প্রিনজ বলেন, ‘আমাদের দেশেও আইএসের ঝুঁকি আছে। প্যারিসে হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের জার্মানির সন্ত্রাসীদের সঙ্গে যোগাযোগ ছিল। সুখকর বিষয়টি হচ্ছে, আমরা তাদের প্রতিহত করতে পেরেছি। তবে এসব উগ্র লোকজন সম্পর্কে চরম সতর্কতা অবলম্বন করা উচিত। আইএস আজ সারা পৃথিবীর জন্য হুমকি তৈরি করেছে। তারা এখন শুধু পশ্চিমা দেশ নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং সব মুসলিম দেশে অবস্থান করছে। তাই তাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের শক্তি সমবেত করার বিকল্প নেই।’
ঢাকায় ঘুরতে বের হলে ঝুঁকি বোধ করেন কি না, জানতে চাইলে জার্মানির রাষ্ট্রদূত বলেন, ‘বিদেশিদের ওপর হামলার আগে ঢাকায় চলাফেরার ক্ষেত্রে আমি বেশ স্বাভাবিক ছিলাম। এখন আমি বেশ সতর্ক। আমি গাড়িতে যাচ্ছি কি রিকশায় যাচ্ছি। তবে সরকার নিরাপত্তা জোরদার করার পর গুলশান-বারিধারায় আমি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি। ওই সব এলাকায় তৎপরতা চালানো সন্ত্রাসীদের জন্য কঠিন হয়ে পড়েছে। কিন্তু দেশের অন্যান্য জায়গায় অনেক বিদেশি রয়েছেন। ঢাকার বাইরে ইতালির চিকিৎসকের ওপর হামলা হয়েছে। তাই ঢাকার বাইরের লোকজন নিয়ে আমাদের বেশি উদ্বেগ রয়েছে।’
জার্মান রাষ্ট্রদূত বলেন, তিন দশক আগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকার সময় ১৯৮৩ সালে তিনি শিক্ষানবিশ হিসেবে তিন মাসের জন্য বাংলাদেশে এসেছিলেন। ওই সময় তিনি ঢাকা ও টাঙ্গাইলে তৎকালীন জিটিজেডে (জার্মানির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা) শিক্ষানবিশ হিসেবে কাজ করেন। তিনি বলেন, ‘৩২ বছর পর জার্মানির রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় পৌঁছে আমার চোখে সব অচেনা লাগে। ওই সময়টায় চারপাশের সবুজ নিয়ে গুলশান ছিল শহরের শেষ প্রান্তের একটি ছোট আবাসিক এলাকা, মিরপুরে তখন নির্মাণকাজ শুরু হয়েছে এবং সাভার ছাড়ার সময় দুই পাশে চোখে পড়ত ধানখেতের সারি। অথচ এক প্রজন্মে কতটা বদলে গেছে ঢাকা। তাই প্রথম ঢাকায় এসে চারপাশের এত নির্মাণ আর পরিবর্তন দেখে শুধু বলেছি, ওয়াও! কীভাবে এতসব হলো! অথচ তিন দশক আগে শুনতাম, বাংলাদেশ একটি দরিদ্র দেশ। এ দেশের কোনো সম্পদ নেই। আজীবন দরিদ্রই থেকে যাবে এ দেশ। তাই ৩২ বছর পর ঢাকায় ফিরে এসে চারপাশের পরিবর্তনে আমি যে বিস্মিত হয়েছি, তাতে কোনো সন্দেহ নেই।’