প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন ও পরনির্ভরতা কাটাতে জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধ করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। গতকাল রোববার তিনি নিজ কার্যালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বোর্ডের অধীনে আয়কর, ভ্যাট ও শুল্ক বিভাগের কমিশনারদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন। খবর বাসসর।দেশকে আত্মনির্ভরশীল করে তোলার ওপর গুরুত্ব আরোপ করে বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পরনির্ভরশীল হয়ে কখনোই কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। কেননা, পরনির্ভরশীল জাতিকে অন্যের নির্দেশ মেনে চলতে হয়। আমরা কারও নির্দেশে নয়, আত্মনির্ভরশীল হয়ে বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়াতে চাই।’স্বাধীনতার চল্লিশ বছরেও দেশ আত্মনির্ভরশীল না হওয়ার পেছনে দীর্ঘদিনের অগণতান্ত্রিক শাসনব্যবস্থাকে দায়ী করে প্রধানমন্ত্রী বলেন, নিরবচ্ছিন্ন গণতান্ত্রিক শাসনব্যবস্থা ছাড়া কখনোই উন্নয়ন সম্ভব নয়। তিনি বলেন, কর মওকুফ করার মানসিকতা অবশ্যই ত্যাগ করতে হবে। কারণ কর আদায় না হলে উন্নয়ন সম্ভব নয়। বরং কর বেশি বেশি করে আদায় করার উপায় খুঁজে বের করতে হবে। শেখ হাসিনা বলেন, সর্বস্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আয়-ব্যয়ের মধ্যে অবশ্যই সামঞ্জস্য রাখতে হবে। সবাইকে নিয়মের মধ্যে থাকতে হবে। অনেকেই রাতারাতি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যান। এই টাকার উৎস কী, তা জানতে হবে। কে কত দামি গাড়ি-বাড়ি কিনছেন, কতটা বিলাসবহুল জীবনযাপন করছেন এবং এই ব্যয়ের উৎস কী, তা খুঁজে বের করতে হবে।প্রধানমন্ত্রী রাজস্বসংক্রান্ত হাজার হাজার মামলা পড়ে থাকার কথা উল্লেখ করে বলেন, এসব মামলা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। কারণ, মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হলে সরকার অনেক রাজস্ব পাবে। তিনি রাজস্ব আদায়ের ক্ষেত্রে সমস্যাগুলো চিহ্নিত করে তা দ্রুত সমাধানের ওপর জোর দেন।শেখ হাসিনা বলেন, ‘আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন, যাঁরা শুধু অজ্ঞানতার কারণে কর দিতে চান না। তাঁদের বোঝাতে হবে, কর প্রদান করলে তাঁরা ব্যক্তিগতভাবে যেমন লাভবান হবেন, তেমনি দেশ ও জাতিও উপকৃত হবে।’অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, অর্থ উপদেষ্টা মসিউর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান, প্রেস সচিব আবুল কালাম আজাদ, এনবিআরের চেয়ারম্যান মো. নাসির উদ্দিনসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।