দেশের উন্নয়নের জন্য নারীর অবস্থার পরিবর্তন করতে হবে
নানা উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মধ্য দিয়ে নারীরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের উন্নয়নের প্রয়োজনেই নারীর অবস্থার পরিবর্তন করতে হবে। পুরুষতান্ত্রিক মানসিকতা থেকে বেরিয়ে এসে সবক্ষেত্রে নারীদের সহযোগিতা করতে হবে।গতকাল শুক্রবার দি হাঙ্গার প্রজেক্টের বিকশিত নারী নেটওয়ার্কের জাতীয় কনভেনশনে বক্তারা এ কথা বলেন। রাজধানীর এলজিইডি ভবনে কনভেনশনের আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের নারী সংগঠকেরা অংশ নেন।অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি বন্ধে একটি নীতিমালা প্রণয়নের ব্যাপারে উদ্যোগ নিয়েছে সরকার। তিনি বলেন, আইনের সুযোগ যেন নিতে পারেন, সে জন্য প্রত্যেক নারীকেই সচেতন হতে হবে।অনুষ্ঠানের সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, নারীরা সব সময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগ্রামে অগ্রগণ্য ছিলেন। নারীদের এখন বৈশ্বিক প্রেক্ষাপটে চিন্তা করা আর স্থানীয় পর্যায় থেকে কাজ করতে হবে। দি হাঙ্গার প্রজেক্টের এ দেশীয় পরিচালক বদিউল আলম মজুমদার বলেন, অপুষ্টির দুষ্টচক্র নির্মূল ও নারীদের অবস্থার পরিবর্তন করা না গেলে বাংলাদেশের মানুষের অবস্থারও পরিবর্তন হবে না। বিজ্ঞপ্তি।