দেশের এক-চতুর্থাংশ প্রবীণ অপুষ্টিতে ভুগেছেন। এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। অপুষ্টির হার পুরুষের তুলনায় নারীদের বেশি।
আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক অনুষ্ঠানে এ গবেষণা উপস্থাপন করা হয়। কাল শুক্রবার আন্তর্জাতিক প্রবীণ দিবস।
গবেষণায় দেখা গেছে, জীবনসঙ্গীবিহীন (বিধবা/ বিপত্নীক/ অবিবাহিত) প্রবীণদের মধ্যে অপুষ্টির হার ২৮ দশমিক ৬।
প্রবীণদের ৬৫ দশমিক ৩ শতাংশ অপুষ্টির ঝুঁকিতে আছেন বলে গবেষণায় উঠে এসেছে।
গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউর পাবলিক হেলথ ও ইনফরমেটিক বিভাগের সহযোগী অধ্যাপক কে এম তৌহিদুর রহমান।
গবেষকেরা ঢাকার উত্তরখানের মুন্ডা, পোলারটেক, ভাটুলিয়া গ্রামের ১২৫ জন প্রবীণের ওপর এ গবেষণা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমেদ। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিধি বাড়ানো হচ্ছে। গত বছর গবেষণা খাতে বরাদ্দ ছিল ৪ কোটির ৪০ লাখ টাকা, এবার তা বাড়িয়ে ১২ কোটি ৪০ লাখ টাকা করা হয়েছে।
অনুষ্ঠানে বাংলাদেশের গ্রামাঞ্চলের প্রবীণদের বাতের ব্যথার ব্যাপকতা এবং হোমবেজস পেলিয়েটিভ কেয়ার নিয়ে পৃথক দুটি গবেষণার ফলাফল উপস্থাপন করা হয়।