প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের এক-তৃতীয়াংশ লোক কানে কম শুনছেন (শ্রুতিক্ষীণতা)। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাক-কান ও গলা বিভাগের উদ্যোগে পরিচালিত বাংলাদেশে বধিরতার হার নিরূপণের জাতীয় জরিপে এ চিত্র উঠে এসেছে।
গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জরিপের ফল প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশে ১৫ বছরের নিচে শিশুদের বধিরতার হার অনেক বেশি। এ ছাড়া দরিদ্র জনগণের মধ্যেও শ্রুতিপ্রতিবন্ধীর হার বেশি (১৫ শতাংশ)। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় ২০১৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত ৫২টি উপজেলায় এ জরিপ চালানো হয়। জরিপের আওতাভুক্ত ছিলেন চার হাজার ২২০ জন।
জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত। প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।