দেশের এক-তৃতীয়াংশ লোক কানে কম শোনে
দেশের এক-তৃতীয়াংশ লোক কানে কম শুনছে (শ্রুতিক্ষীণতা)। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নাক-কান-গলা বিভাগের উদ্যোগে পরিচালিত বাংলাদেশে বধিরতার হার নিরূপণের জাতীয় জরিপে এ তথ্য প্রকাশ করা হয়।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জাতীয় জরিপের তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, বাংলাদেশে ১৫ বছরের কম বয়সী শিশুদের বধিরতার হার অনেক বেশি। এই হার দক্ষিণ-পূর্ব এশিয়ার তুলনায় আড়াই শতাংশ বেশি। এ ছাড়া দরিদ্র জনগণের মধ্যেও শ্রুতিপ্রতিবন্ধীর হার বেশি (১৫ শতাংশ)।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় পরিচালিত এ জরিপ কার্যক্রম ২০১৩ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত দেশের সাতটি বিভাগের ৫২টি উপজেলায় পরিচালনা করা হয়। জরিপের আওতাভুক্ত ছিল চার হাজার ২২০ জন। জরিপের আওতাভুক্ত ব্যক্তিদের আর্থসামাজিক অবস্থা, ক্লিনিক্যাল পরীক্ষা এবং কানের শুনানি পরীক্ষা করা হয়।
চিকিত্সকেরা বলছেন, দ্রুত রোগনির্ণয়, চিকিত্সা ও জনসচেতনতার মাধ্যমেই ৫০ ভাগ বধির ও শ্রুতিক্ষীণ মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব। কানে ময়লা জমে থাকা, মধ্যকর্ণে পানি, কান পাকা রোগ, কানে প্রদাহের কারণে মানুষ কম শুনে থাকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। আরও উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি খালেদ হাসান, বিএসএমএমইউর সহ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) মো. শহীদুল্লাহ সিকদার, নাক-কান-গলা বিভাগের চেয়ারম্যান মো. আবুল হাসনাত জোয়ারদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ নুরুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউর নাক-কান-গলা বিভাগের অধ্যাপক কামরুল হাসান তরফদার।