দেশের কল্যাণে কাজ করতে সশস্ত্র বাহিনীকে রাষ্ট্রপতির আহ্বান

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি জরুরি পরিস্থিতিতে জনগণ ও দেশের কল্যাণে কাজ করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাজশাহী ক্যান্টনমেন্টে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারের (বিআইআরসি) পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি বলেন, ‘আমি আশা করি, আপনারা সশস্ত্র বাহিনীর সদস্যরা জরুরি পরিস্থিতিতে জনগণের কল্যাণে কাজ করবেন। জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি দেশ গঠনেও আপনারা সক্রিয় ভূমিকা রাখবেন।’
শক্তিশালী সেনাবাহিনী গঠনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা উল্লেখ করে মো. আবদুল হামিদ বলেন, বর্তমান সরকার ‘ভিশন ২০২১’-এ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর লক্ষ্যমাত্রা-২০৩০ প্রস্তুত করেছে।
রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমাদের সেনাবাহিনীর সদস্যরা তাঁদের দৃষ্টান্তমূলক কাজের মাধ্যমে বিশ্বসম্প্রদায়ের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।’ এ সময় তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, অবকাঠামো নির্মাণ, আশ্রয়কেন্দ্র নির্মাণ, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা তৈরিসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। এর আগে রাষ্ট্রপতি রাজশাহী ক্যান্টনমেন্টে আর্টিলারি বাহিনীর বিশেষ দলের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন এবং রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।