দেশের কাজে আত্মনিয়োগের অঙ্গীকার
লালমনিরহাটে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০০ কৃতী শিক্ষার্থীকে গতকাল মঙ্গলবার সংবর্ধনা দেওয়া হয়েছে। সকাল ১০টায় লালমনিরহাট মিলনায়তনে প্রথম আলো ও মুঠোফোন কোম্পানি রবির উদ্যোগে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে বন্ধুসভার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। বন্ধুসভার সভাপতি শৌর্য দীপ্তের উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়ে কৃতীদের শপথবাক্য পাঠ করান প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব। রবির আঞ্চলিক ব্যবস্থাপক শাকিল জাহান, শিক্ষার্থী সাদিকা খাতুন, প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক সাজেদ ফাতেমী, বন্ধুসভার সদস্য নকিবুর রহমান, কবি সরোজ দেব, সাংস্কৃতিক সংগঠক মন্টু বক্সী প্রমুখ বক্তব্য দেন। জেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, চার্চ অব গড উচ্চবিদ্যালয় ও লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়কে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়। অনুষ্ঠানে দৃষ্টিপ্রতিবন্ধী কৃতী শিক্ষার্থী আবদুর রাজ্জাক বলে, ‘অভাবের সঙ্গে লড়াই করে আমার এত দূর আসা। আমি আরও বহুদূর যেতে চাই। লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে চাই।’ অনুষ্ঠানে আজিজুল হক বীর প্রতীক বলেন, ‘ভবিষ্যৎ মেধাবী প্রজন্ম গড়ে তোলার জন্য এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব রয়েছে।’ আলোচনার পরপরই আরশি নগরের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।