দেশের কীভাবে উন্নয়ন হবে, বিবেচনায় রাখতে বললেন প্রধানমন্ত্রী

উদ্ভাবনী শক্তি ও ধারণা এবং দেশের কীভাবে উন্নয়ন হবে, এ বিষয়টি বিবেচনায় রেখে কাজ করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত ৯২ ও ৯৩তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। তিনি বলেন, কোনো এলাকার উন্নয়ন নির্ভর করে সংশ্লিষ্ট এলাকার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার ওপর। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, রুটিন কাজ করাই যথেষ্ট নয়। মাঠ পর্যায়ে যাঁরা কাজ করেন তাঁদের উদ্ভাবনী শক্তি থাকতে হবে। দেশের কীভাবে উন্নয়ন করা যেতে পারে, এ বিষয়টি বিবেচনায় রেখে তাঁদের কাজ করতে হবে।
শেখ হাসিনা সিভিল সার্ভিসের সদস্যদের জাতির উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্থপতি হিসেবে উল্লেখ করে তাদের প্রশিক্ষণের শেষ দিনে নেওয়া শপথ স্মরণ রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কামাল আবদুল নাসের চৌধুরী বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিসিএস প্রশাসনের রেক্টর সোহরাব হোসেন।
প্রধানমন্ত্রী এর আগে দুটি কোর্স সফলভাবে সমাপ্তকারী ১৫৯ জনের মধ্যে সনদপত্র বিতরণ করেন।
এ ছাড়াও কোর্সে অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী ৯২তম আইন ও প্রশাসন কোর্সের রেক্টর অ্যাওয়ার্ড জান্নাতুল ফেরদৌস এবং ৯৩তম আইন ও প্রশাসন কোর্সের রেক্টর অ্যাওয়ার্ড সৈয়দ আশরাফুজ্জামানকে প্রদান করেন। পরে তাঁরা কোর্সের অভিজ্ঞতা সম্পর্কে অনুভূতি প্রকাশ করেন।