দেশের ক্ষতি হয় এমন সংবাদ করবেন না : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যে সংবাদ পরিবেশন করলে দেশের ক্ষতি হয়, তা প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা যে সংবাদটি প্রচার করলে দেশের ক্ষতি হবে, তা কখনো প্রচার করবেন না। আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করছি এবং আপনাদের বিবেচনায় ওপর ন্যস্ত করছি।’

বাংলাদেশের এগিয়ে যাওয়া রোধ করতে এবং যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতে দেশীয় সন্ত্রাসীরা সাম্প্রতিক কর্মকাণ্ডগুলো চালাচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছেন। আর এটাই ৭৫-এর ঘাতকদের চোখে কাঁটা হয়ে বিঁধেছে। তাই এই উন্নয়ন অগ্রযাত্রাকে রোধ করার জন্য তারা এ সন্ত্রাসী হামলাগুলো চালাচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক দেশের রাষ্ট্রদূত আমার সঙ্গে সাক্ষাৎ​ করেছেন। তাঁদের আমি স্পষ্ট করে বলে দিয়েছি যে এখানে বিদেশি টেররিস্ট বা আইএস বলতে কিছু নেই। এরা লোকাল সন্ত্রাসী। হোম গ্রোন সন্ত্রাসীরাই বিভিন্ন নামে এই হামলাগুলো চালাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমরা যাদেরকেই ধরছি, তাদের কাছ থেকে হামলার মূল হোতা বা মাস্টারমাইন্ডকে খুঁজে বের করার চেষ্টা করছি। একদম শিকড়ে হাত দিচ্ছি। ৭৫–পরবর্তী সময়ে যারা রগকাটা রাজনীতি প্রবর্তন করেছে, তারাই পরবর্তী সময়ে জেএমবি, আনসারউল্লাহ বাংলা টিম, হুজি বিভিন্ন নামে আত্মপ্রকাশ করেছে। এই জঙ্গিদের শিকড়ে টান দিলেই দেখা যায়, এদের আশ্রয়-প্রশ্রয়দাতা, মাস্টারমাইন্ডের ঠিকানা একই।’

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফরিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাংসদ সানজিদা খানম, প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা প্রমুখ।