দেশের ক্ষতি হয় এমন সংবাদ করবেন না: স্বরাষ্ট্রমন্ত্রী
যে সংবাদ পরিবেশন করলে দেশের ক্ষতি হয়, তা প্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির ভাষণে স্বরাষ্ট্রমন্ত্রী এ আহ্বান জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘যে সংবাদটি প্রচার করলে দেশের ক্ষতি হবে তা আপনারা কখনো প্রচার করবেন না। আমি বিনীতভাবে আপনাদের অনুরোধ করছি এবং আপনাদের বিবেচনায় ওপর ন্যস্ত করছি।’
সাম্প্রতিক জঙ্গি হামলা সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়া রোধ করতে এবং যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করতে দেশীয় সন্ত্রাসীরা এসব কর্মকাণ্ড চালাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যাচ্ছেন। আর এটাই পঁচাত্তরের ঘাতকদের চোখে কাঁটা হয়ে বিঁধেছে। তাই এই উন্নয়নের অগ্রযাত্রাকে রোধ করার জন্য তারা এ সন্ত্রাসী হামলাগুলো চালাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক দেশের রাষ্ট্রদূত আমার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁদের আমি স্পষ্ট করে বলে দিয়েছি, এখানে বিদেশি টেরোরিস্ট বা আইএস বলতে কিছু নেই, এরা লোকাল সন্ত্রাসী। হোম গ্রোন সন্ত্রাসীরাই বিভিন্ন নামে এই হামলাগুলো চালাচ্ছে।’
দেশে যারা জঙ্গি হামলা চালাচ্ছে, তাদের হোম গ্রোন জঙ্গি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যাদেরই ধরছি তাদের কাছ থেকে হামলার মূল হোতা বা মাস্টারমাইন্ডকে খুঁজে বের করার চেষ্টা করছি। একদম শেকড়ে হাত দিচ্ছি। পঁচাত্তর-পরবর্তী সময়ে যারা রগকাটা রাজনীতি প্রবর্তন করেছে, তারাই পরবর্তী সময়ে জেএমবি, আনসারুল্লাহ বাংলা টিম, হুজি বিভিন্ন নামে আত্মপ্রকাশ করেছে। এসব জঙ্গির শেকড়ে টান দিলেই দেখা যায়, এদের আশ্রয়-প্রশ্রয়দাতা, মাস্টারমাইন্ডের ঠিকানা একই।’
বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের আহ্বায়ক ফরিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বক্তব্য দেন সাংসদ সানজিদা খানম, বাসসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা প্রমুখ।