দেশের বিভিন্ন স্থানে ঈদ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার দেশের কয়েকটি জেলায় ঈদ উদ্‌যাপন করছেন মানুষ। ছবিটি আজ শুক্রবার সকালে মৌলভীবাজার থেকে তোলা। বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: আকমল হোসেন
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার দেশের কয়েকটি জেলায় ঈদ উদ্‌যাপন করছেন মানুষ। ছবিটি আজ শুক্রবার সকালে মৌলভীবাজার থেকে তোলা। বৃষ্টিতে ভিজে ঈদের নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: আকমল হোসেন

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আজ শুক্রবার দেশের কয়েকটি জেলায় পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হচ্ছে। চাঁদপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড, আনোয়ারা সহ ৫০ গ্রাম, মৌলভীবাজার, পটুয়াখালী ও সরিষাবাড়ীতে ঈদ উদ্‌যাপনের খবর পাওয়া গেছে।

আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

চাঁদপুর: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১টি, ফরিদগঞ্জ উপজেলার ২২টি ও মতলব উত্তর উপজেলার ৭টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হচ্ছে। ওই গ্রামগুলোর হাটবাজার, ঈদগাহ সাজানো হয়েছে। ফরিদগঞ্জ উপজেলার সাচনমেঘ গ্রামের টোরা মুন্সিরহাট ঈদগাহে ও টোরাবাজার জামে মসজিদে সকাল সাড়ে নয়টায়, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা ও শমেশপুর গ্রামে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

আনোয়ারা (চট্টগ্রাম): দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় বারখাইন ও বরুমচড়া ইউনিয়নের তিনটি গ্রামসহ ৫০ গ্রামে ঈদুল ফিতরের নামাজ আদায়ের মাধ্যমে ঈদ উদযাপিত হয়েছে। সাতকানিয়ার মির্জাখীল দরবারের অনুসারীরা দরবারের নিয়ম অনুসারে একদিন আগে থেকে রোজা রাখেন এবং ঈদ উদযাপন করেন। দীর্ঘ দুশতাধিক বছর আগে থেকে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যসহ কয়েকটি দেশের সাথে মিলিয়ে এই নিয়ম পালন করে আসছেন তাঁরা।
এই দরবারের অনুসারী আনোয়ারার তৈলারদ্বীপ, বরুমচড়া, হাইলধর, চন্দনাইশের কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, বরকল ও কানাইমাদারী, বাঁশখালীর কালীপুর, চাম্বল, শেখেরখীল, লোহাগাড়ার কলাউজান ও চুনতি, পটিয়ার কালারপুল, হাইদগাঁও, মলপাড়া, পৌরসদর ও বাহুলী, বোয়ালখালীর চরন্ধীপ, বেঙ্গুরা, সারোয়াতলী ও সাতকানিয়ার মির্জাখীল, চরতি, সুইপুরা ও গাটিয়াডেঙ্গাতেও আজ সকালে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম): সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ও বাঁশবাড়িয়া ইউনিয়নের শতাধিক পরিবার আজ শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপন করছে। সকাল সোয়া নয়টার দিকে সীতাকুণ্ডের রহমতেরপাড়া গ্রামে জাহাঁগিরিয়া জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এবার সীতাকুণ্ডের মুরাদপুর, পৌর সদর, বাড়বকুল বাঁশবাড়িয়া ও ভাটিয়ারী ইউনিয়নের দেড় শ পরিবার একসঙ্গে ঈদ উদ্‌যাপন করেছে।

মৌলভীবাজার: মৌলভীবাজারে শতাধিক পরিবার ঈদুল ফিতর উদ্‌যাপন করছে। সকাল সোয়া সাতটার দিকে শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামের একটি বাসার ছাদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টিতে ভিজে মুসল্লিরা জামাতে অংশ নেন।

পটুয়াখালী: পটুয়াখালীর ২২টি গ্রামের পাঁচ হাজার পরিবার আজ ঈদ উদ্‌যাপন করছে। সকাল ১০টার দিকে পটুয়াখালীর সদর উপজেলার বদরপুর গ্রামের বদরপুর দরবার শরিফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভিজে নামাজ আদায় করেন মুসল্লিরা।
বদরপুর দরবার শরিফের পরিচালক মোহাম্মদ নাজমুস সায়াদাত আখন্দ বলেন, সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনিপাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, সাবুপুরা ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার লালুয়া, নিশানবাড়িয়া, মরিচবুনিয়া, উত্তর লালুয়া, মাঝিবাড়ি, টিয়াখালীর ইটবাড়িয়া, পৌরশহরের নাইয়াপট্টি, বাদুরতলী, মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী-এসব গ্রামের পাঁচ হাজারের বেশি পরিবারের লোকজন ঈদ উদ্‌যাপন করছে।

সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে আজ ঈদ। দক্ষিণ বলারদিয়ার জামে মসজিদ মাঠে সকাল সাড়ে নয়টার দিকে চারটি গ্রামের চার শতাধিক মানুষ ঈদের নামাজ আদায় করে। বলারদিয়ার গ্রামের শাহা আলী বলেন, তাঁরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। বাউসী গ্রামের আজিজুল হক (৫৫) বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে তাঁরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। বলারদিয়ার গ্রামের বাসিন্দা ও ঈদুল ফিতর নামাজ পরিচালনাকারী ইমাম আজিম উদ্দিন (৭২) বলেন, ‘আমি এখানে নয় বছর ধরে ঈদুল ফিতরের নামাজের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছি। চার গ্রামের চার শতাধিক মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।’