দেশের কয়েকটি স্থানে পত্রিকাবাহী গাড়ি ভাঙচুর, আগুন
বগুড়াসহ দেশের কয়েকটি স্থানে গতকাল সোমবার হরতাল চলাকালে পিকেটাররা প্রথম আলোসহ কয়েকটি পত্রিকার সংবাদপত্র বহনকারী গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এতে কয়েকটি স্থানে সংবাদপত্র পৌঁছাতে দেরি হয়। গতকাল বগুড়ার মোকামতলায় প্রথম আলো পত্রিকাবাহী একটি গাড়ি ভাঙচুর করে হরতাল-সমর্থকেরা। সকাল সাড়ে ছয়টার দিকে মোকামতলায় পৌঁছালে পত্রিকাবাহী গাড়িটি ভাঙচুর করে তারা। পরে গাড়িটি দুপুর ১২টার দিকে রংপুর অঞ্চলে পৌঁছায়। বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক বলেন, সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত। তার পরও হরতাল-সমর্থকদের হামলার শিকার হচ্ছে গাড়িগুলো। পুলিশি পাহারায় বেশ কিছু গাড়ি বগুড়ায় পৌঁছানো হয়েছে। তার পরও কোথাও পত্রিকার কোনো গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটলে যে কেউ মামলা করতে পারেন। তাতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা সহজ হবে।এদিকে ঢাকা-সিলেট মহাসড়কের হুমায়ুন চত্বর এলাকায় প্রথম আলো পত্রিকাবাহী একটি মাইক্রোবাসে ভাঙচুর করা হয়। বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে মহাস্থান চৌকিরহাট এলাকায় পত্রিকাবাহী গাড়িতে ভাঙচুর চালানো হয়। যশোরে কালের কণ্ঠ, যুগান্তর ও সমকাল পত্রিকা পৌঁছে দেওয়ার পর ফিরে আসার সময় একটি গাড়িতে ভাঙচুর করা হয়। পঞ্চগড়ে প্রথম আলো পত্রিকা পৌঁছে দেওয়ার পর গতকাল সন্ধ্যায় ফেরার সময় খালি গাড়িতে ভাঙচুর চালানো হয়। প্রথম আলো পত্রিকা পরিবহনে নিয়োজিত কাজলা পরিবহনের লাইনম্যান আলেবান আলী জানান, বগুড়া থেকে পত্রিকা নিয়ে রংপুর অঞ্চলে যাওয়ার পথে মাইক্রোবাসটি পিকেটারদের হামলার শিকার হয়। এ ছাড়া গতকাল রাজধানীর সবুজবাগে একটি সংবাদপত্র বহনকারী গাড়িতে আগুন দেয় হরতাল-সমর্থকেরা।