বাংলাদেশের গণমাধ্যম এখনো স্বাধীন হয়ে গড়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আলী রীয়াজ। গতকাল শুক্রবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত ‘গণমাধ্যম ও গণতন্ত্র’বিষয়ক এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
আলী রীয়াজ বলেন, ‘পশ্চিমা দেশগুলোর কিছু গণমাধ্যম যেমন নিউইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট যেভাবে নিজেদের “স্বাধীন” করে তুলেছে, সেটা আমাদের দেশের গণমাধ্যমগুলো এখনো করতে পারেনি।’ সরকারদলীয় ও করপোরেট প্রতিষ্ঠানের নানা চাপের কারণে গণমাধ্যম স্বাধীন হয়ে উঠতে পারছে না বলে ইঙ্গিত দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রভবনের ১২৩ নম্বর কক্ষে ঘণ্টাব্যাপী বক্তব্যে অধ্যাপক আলী রীয়াজ বাংলাদেশের রাজনীতি, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিশ্ব গণমাধ্যম, রাজনীতি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে উন্মুক্ত আলোচনায় শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
আলী রীয়াজ বলেন, গণতন্ত্র ও গণমাধ্যমের মধ্যে নিবিড় সম্পর্ক রয়েছে। কিন্তু শুধু গণমাধ্যমের মাধ্যমে গণতন্ত্র কায়েম করা সম্ভব নয়। এটা গণতন্ত্র প্রতিষ্ঠার সহায়ক হতে পারে। প্রতিটি গণমাধ্যমের আলাদা বৈশিষ্ট্য রয়েছে; কিন্তু তাদের মধ্যে একটা মৌলিক বৈশিষ্ট্য হলো, তারা সবাই সংখ্যালঘুদের অধিকার আদায়ে কাজ করছে। এখানে এই সংখ্যালঘুদের ধারণা শুধু ধর্ম বা জাতিভিত্তিক নয়; বরং আরও বৃহৎ কিছু।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাতিল সিরাজ সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।