দেশের গণ্ডি পেরোচ্ছে ইউএস-বাংলা

আগামী মে মাস থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুসহ আন্তর্জাতিক বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইনস। ‘উড়ে চলো, বিজয়ের লক্ষ্যে’ স্লোগানে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করতে চায় এই উড়োজাহাজ সংস্থাটি। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামে এক অনুষ্ঠানে এ তথ্য জানান উড়োজাহাজ সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বিভিন্ন ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মকর্তাদের নিয়ে গতকাল বিকেলে নগরের ফয়’স লেকের সি ওয়ার্ল্ডে ‘দ্য রিকগনিশন কার্নিভ্যাল’-এর আয়োজন করে ইউএস-বাংলা এয়ারলাইনস।
অনুষ্ঠানে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, সবার সহযোগিতা পেলে ইউএস-বাংলা এয়ারলাইনসকে এশিয়ার অন্যতম সেরা উড়োজাহাজ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা তাঁদের লক্ষ্য। তিনি বলেন, এখন অভ্যন্তরীণ রুটের যাত্রীদের ৬০ শতাংশ পরিবহন করেন তাঁরা। এর স্বীকৃতিস্বরূপ ২০১৫ সালে শ্রেষ্ঠ এয়ারলাইনসের মর্যাদা অর্জন করেছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
দিনব্যাপী অনুষ্ঠানসূচির মধ্যে ছিল ব্যবসায়িক সম্মেলন, র্যা ফল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুস ওড়ানো। এমন আয়োজন করায় ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. আবু জাফর।