দেশের গানে শুরু হলো প্রীতিসম্মিলনী
বাংলা ভাষার শ্রেষ্ঠ গীতিকারদের গান দিয়ে গতকাল শুক্রবার শুরু হয়েছিল প্রথম আলোর বর্ষপূর্তির প্রীতিসম্মিলনী।
সোনারগাঁও হোটেলের ওয়েসিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালক প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হকের আমন্ত্রণে মঞ্চে এলেন শিল্পীরা। শোনালেন ‘আমার মুক্তি আলোয় আলোয়’, ‘বিশ্ব সাথে যোগে যেথায়’, ‘ঘন তমসাবৃত অম্বর ধরণি’, ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’, ‘ও আলোর পথযাত্রী’, ‘আহ্বান, শোনো আহ্বান’ এই গানগুলোর অংশবিশেষ।
গানগুলোর গীতিকার রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায় ও সলিল চৌধুরী। পরিকল্পনা ও সংগীত আয়োজনে ছিলেন শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। শিল্পীরা ছিলেন রথীন্দ্রনাথ রায়, ফরিদা পারভীন, তপন মাহমুদ, ফাতেমাতুজজোহরা, তপন চৌধুরী, ফাহমিদা নবী, সুজিত মোস্তফা, অদিতি মহসিন, আজিজুর রহমান তুহিন, মাহমুদুজ্জামান বাবু, বাপ্পা মজুমদার ও দিনাত জাহান মুন্নী।
