দেশের চলমান পরিস্থিতিতে ধর্মভিত্তিক দলগুলোর উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী ঐক্যজোট, ইসলামী আন্দোলন, খেলাফতে ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দল ও সংগঠন গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ব্যাপক প্রাণহানি, ক্রমাবনতিশীল পরিস্থিতি এবং জুমার দিনে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর ফটক বন্ধ করার সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।দলগুলোর পৃথক সভায় ও গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির গত রোববারের সভায় অবিলম্বে ‘পাখির মতো গুলি করে মানুষ হত্যা’ বন্ধ করতে সরকারের প্রতি দাবি জানানো হয়েছে। বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ঘরবাড়ি ও মন্দিরে হামলার জন্য সরকারদলীয় ‘সন্ত্রাসীদের’ দায়ী করে দলটি। এ ছাড়া জুমার দিন বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ইসলামী ঐক্যজোট। এই সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছেন নেজামে ইসলাম পার্টির সভাপতি আবদুর রকিব ও মহাসচিব আবদুল লতিফ নেজামী।খালেদা জিয়ার সমালোচনা করে ‘গণহত্যা শব্দটির অপব্যাখ্যা করা হচ্ছে’ বলে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান যে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করেছে খেলাফতে ইসলামী। দলের আমির আবুল হাসানাত আমিনী ও মহাসচিব ফজলুর রহমান এক বিবৃতিতে বলেন, ‘তাঁরা একদিকে গণহত্যার সংজ্ঞা খুঁজে বেড়ান, আরেক দিকে সরকারের হিংস্র তাণ্ডবলীলাকে সমর্থন করে দেশকে ভয়াবহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন।’ইমরানের ‘ঔদ্ধত্যের’ প্রতিবাদ: শাহবাগের গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকারের ‘ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের’ প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ‘সরকারের চেয়ে শাহবাগের শক্তি বেশি—এ ধরনের বক্তব্যের পর প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে ইমরানের হাতে ক্ষমতা হস্তান্তর করা উচিত’ বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।গতকাল সোমবার বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে কেন্দ্রীয় মজলিশে আমেলার জরুরি সভায় মাওলানা মাদানী দাবি করেন, ‘দেশময় অশান্তির দাবানল জ্বলছে। আর এর জন্য অনেকাংশে শাহবাগের প্রজন্ম মঞ্চই দায়ী।’ইসলামী আন্দোলনের নেতারা অভিযোগ করেন, বিভিন্ন জায়গায় তাঁদের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও হয়রানি এবং বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারদলীয় নেতাদের বাসায় ও থানায় ডেকে নিয়ে ভয়ভীতি দেখানো হচ্ছে। দলটি সম্প্রতি বিভিন্ন সংখ্যালঘুর বাড়ি-ঘর ও মন্দিরে হামলা, অগ্নিসংযোগের তীব্র নিন্দা এবং এতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।