দেশের চার জেলায় বন্যা পরিস্থিতির অবনতি
পদ্মা ও যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় ফরিদপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ ও বগুড়া জেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকাল সোমবার ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে। বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ডুবে গেছে এবং ভাঙন বেড়েছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:ফরিদপুর : গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি আরও নয় সেন্টিমিটার বেড়ে গতকাল দুপুরে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকের সম্মেলনকেন্দ্রে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা হয়। সভা শেষে জেলা ত্রাণ কর্মকর্তার কার্যালয়ে বন্যানিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানির তোড়ে ওই ইউনিয়নের ভাজনডাঙ্গা সর্দারপাড়া গ্রাম থেকে গুচ্ছগ্রাম সড়কের একটি কালভার্ট গত শনিবার রাতে ভেঙে গেছে। এর ফলে ভাজনডাঙ্গা কলোনি, গুচ্ছগ্রাম, সর্দারকান্দি ও ভায়রাডাঙ্গি গ্রাম প্লাবিত হয়েছে। সদরপুর উপজেলার দিয়ারা নারকেলবাড়িয়া ইউনিয়নে ভাঙনের কারণে বিশ্বনাথপুর আকনকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড অবকাঠামো অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। গত এক সপ্তাহে ওই এলাকার প্রায় ২০০ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এ ছাড়া উপজেলার চারটি ইউনিয়নের প্রায় এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে।রাজবাড়ী: তৃতীয় দফায় পদ্মায় পানি বেড়ে গতকাল রাজবাড়ীর বিভিন্ন এলাকা নতুন করে প্লাবিত হয়। সেই সঙ্গে জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ও হাবাসপুর, সদর উপজেলার বড়াট, মিজানপুর, খানগঞ্জ এবং গোয়ালন্দের দেবগ্রাম ইউনিয়নে ভাঙন বেড়েছে। গোয়ালন্দ উপজেলার কেউটিল গ্রামের হানিফ শেখের মেয়ে আল্লাদি খাতুন (৪) গতকাল দুপুরের দিকে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।সিরাজগঞ্জ: গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জের যমুনা নদীতে ১০ সেন্টিমিটার পানি বেড়ে গতকাল বিকেলে বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে নতুন নতুন এলাকা প্লাবিত হওয়া অব্যাহত থাকে। বগুড়া: যমুনা নদীর পানি কয়েক দিন ধরে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি বেড়ে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বেড়ে নদীর তীর উপচে ও আটাচর বাঁধের ভাঙা স্থান দিয়ে পানি ঢুকে পড়েছে। এতে বন্যানিয়ন্ত্রণ বাঁধের পূর্ব পাশের ধুনট উপজেলার পুকুরিয়া, নিউ সারিয়াকান্দি, ভূতবাড়ী, ভান্ডারবাড়ী, বরইতলী, কৈয়াগাড়ী, কচুগাড়ী, বানিয়াজান, শিমুলবাড়ী, সহরাবাড়ী, বালিয়া আটা, আটারচর এবং সারিয়াকান্দি উপজেলার কামালপুর, ইছামাড়া, দড়িপাড়াসহ বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। বন্যাকবলিত ১০টি গ্রামের কয়েক শ ঘরবাড়িতে পানি ঢুকেছে।