দেশের চিত্র বদলে দিতে পারে সৌরবিদ্যুৎ
সৌরবিদ্যুৎ দেশের সামগ্রিক চিত্র বদলে দিতে পারে। বাড়িভিত্তিক প্যানেল স্থাপনের পাশাপাশি সেচ ও ক্ষুদ্র গ্রিডের মাধ্যমে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে যুগান্তকারী ফল পাওয়া সম্ভব। এই অভিমত সরকারি-বেসরকারি বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের।
‘বাংলাদেশে নবায়নযোগ্য বিদ্যুৎ-জ্বালানি খাতের উন্নয়ন থেকে আফ্রিকার দেশ তানজানিয়ার শিক্ষণীয়’ শীর্ষক এক কর্মশালায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। গতকাল মঙ্গলবার গুলশানের একটি হোটেলে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা বলেন, সেচের জন্য প্রতিবছর ১০ লাখ মেট্রিক টন ডিজেল এবং দেড় হাজার মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ লাগছে। এর মধ্যে শুধু ডিজেলের জন্য ব্যয় হয় ৯০ কোটি মার্কিন ডলার। সেচের কাজে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে এই ডিজেল ও বিদ্যুতের সাশ্রয় করতে পারলেই বিপুল অগ্রগতি সাধিত হতে পারে।
এ দেশে নবায়নযোগ্য বিদ্যুৎ-জ্বালানির উন্নয়ন সম্পর্কে সরেজমিনে অভিজ্ঞতা অর্জনের জন্য তানজানিয়ার সরকারি-বেসরকারি একটি প্রতিনিধিদলের সফর উপলক্ষে ‘ব্রাইট গ্রিন এনার্জি ফাউন্ডেশন’ এই কর্মশালার আয়োজন করে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান দীপাল চন্দ্র বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ব্যবহার বাড়ানোর সঙ্গে সঙ্গে দেশে সৌরবিদ্যুতের প্যানেলের দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর কাজও শুরু করা হয়েছে। সরকার ২০২১ সালের মধ্যে দেশে উৎপাদিত মোট বিদ্যুতের ১০ শতাংশ সৌরসহ নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদন করবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন ‘সাসটেইনেবল অ্যান্ড রিনিউঅ্যাবেল এনার্জি ডেভেলপমেন্ট অথোরিটির (শ্রেডা)’ সদস্য সিদ্দিক জোবায়ের বলেন, গত ডিসেম্বর পর্যন্ত দেশে ৪০ লাখেরও বেশি বাড়িভিত্তিক সৌরবিদ্যুতের প্যানেল স্থাপিত হয়েছে। এর মাধ্যমে প্রায় দেড় কোটি লোক বিদ্যুৎ পাচ্ছে। ক্ষুদ্র গ্রিডের মাধ্যমে বিদ্যুৎ পাওয়া লোকের সংখ্যাও বাড়ছে। সব মিলে দেশের প্রায় ১০ শতাংশ মানুষ নবায়নযোগ্য বিদ্যুৎ-সুবিধার আওতায় এসেছে।
এই তথ্য সমর্থন করে কর্মশালায় বক্তব্য দেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান এনামুল করিম। তিনি বলেন, বর্তমানে প্রতি মাসে গড়ে প্রায় ৫০ হাজার বাড়িতে সৌর বিদ্যুতের প্যানেল স্থাপন করা হচ্ছে। তাঁদের লক্ষ্য হচ্ছে ২০১৮ সালের মধ্যে দেশের ৬০ লাখ বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়া। পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, বাড়িভিত্তিক সৌরবিদ্যুতের পাশাপাশি সৌরবিদ্যুতের সাহায্যে সেচপাম্প চালানো, জৈব গ্যাসের প্ল্যান্ট, সৌরবিদ্যুতের ক্ষুদ্র গ্রিড, উন্নত চুলা প্রভৃতির ব্যবহারও বাড়ছে।
কর্মশালায় শ্রেডার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক সলিমুল হক, ইডকলের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিক, ওয়ার্ল্ড ফিউচার কাউন্সিলের কর্মসূচি ব্যবস্থাপক আনা লাইডেইটার, জার্মানি থেকে আসা ব্রেড ফর দ্য ওয়ার্ল্ডের উপদেষ্টা জোয়াসিম ফাগেলস, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিজান আর রহমান, রহিমআফরোজ সোলারের ব্যবস্থাপনা পরিচালক মুনাফার মিসবাহ মন প্রমুখ বক্তব্য দেন।
কর্মশালায় সাতকানিয়ার প্রতিনিধিদলের সদস্য মেসি এ বাওয়া বলেন, তাঁদের দেশ বাংলাদেশের তুলনায় আয়তনে প্রায় তিন গুণ বড়। জনসংখ্যা বাংলাদেশের এক-তৃতীয়াংশ। প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ তাঁদের দেশ। কিন্তু উন্নয়নের দিক দিয়ে অনেক পিছিয়ে। সেখানে গ্রিডের বিদ্যুতের আওতায় শহরের মাত্র সাড়ে ৪ শতাংশ ও গ্রামের ৭ শতাংশ মানুষ। তিনি বলেন, সৌরবিদ্যুতের কিছু কিছু ব্যবহার শুরু হয়েছে এবং এটা তাঁরা বাড়াতে চান। সেই সুযোগও রয়েছে প্রচুর। তাই এ খাতে বাংলাদেশের উন্নয়ন সরেজমিনে দেখতে এসেছেন তাঁরা। আজ বুধবার তাঁরা ফরিদপুর ও কুষ্টিয়া যাবেন বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎ, বায়োগ্যাস প্ল্যান্ট ও সেচে সৌরবিদ্যুতের ব্যবহার দেখার জন্য।