দেশের চেহারা বদলানোর জন্য কাজ করি: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, গত সাড়ে ছয় বছরে দেশ এমন এক জায়গায় গেছে যে, ভিজিএফের চাল না দিলেও বাংলাদেশের মানুষ আজ ভাত না খেয়ে থাকবে না। তিনি বলেন, ‘এই দিনগুলি দেখার জন্যই কিন্তু আমরা রাজনীতি করি। আমরা যে জেল খাটি, জুলুম সহ্য করি; কী কারণে করি? দেশের চেহারা বদলানোর জন্য করি। সেই দায়িত্ববোধ আমাদের মধ্যে আছে।’
আজ সোমবার বিকেল সাড়ে পাঁচটার সময় নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়ন পরিষদে ঈদুল আজহা উপলক্ষে গরিব ও দুস্থদের মধ্যে ভিজিএফের চাল বিতরণকালে এক সংক্ষিপ্ত বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, গরিব দেশ থেকে বাংলাদেশ নিম্ন মধ্যবিত্তের দেশে উন্নীত হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশকে মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত দেশে উন্নীত করা হবে।
এ সময় জেলা প্রশাসক এএম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোখলেছুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান আছমতারা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিয়াউল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী আজ উপজেলার চারটি ইউনিয়নে পাঁচ হাজার গরিব ও দুস্থ মানুষের মধ্যে ১০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করেন।