৫২তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) অংশ নিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনার প্রত্যয়্রজানিয়েছে ছয় সদস্যের বাংলাদেশ গণিত দল। এই প্রত্যয় নিয়ে আজ শুক্রবার রাতে নেদারল্যান্ডের আমস্টারডামের উদ্দেশে রওনা হচ্ছে দলটি। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ জাতীয় গণিত দল। ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক সহযোগিতায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এর আয়োজন করে।অনুষ্ঠানে বাংলাদেশ গণিত দলের সদস্যরা বলেন, ‘আমরা যতটুকু পরিশ্রম করেছি, তার প্রতিফলন ঘটিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনতে চাই।’বাংলাদেশ গণিত দল সপ্তমবারের মতো আইএমওতে যাচ্ছে। এতে অংশ নিয়ে বাংলাদেশ দলের সদস্যরা এ পর্যন্ত তিনটি ব্রোঞ্জপদক ও ১২টি সম্মানজনক স্বীকৃতি অর্জন করেন। এ বছর ১০৫টি দেশের ৫৭৪ জন প্রতিযোগী আইএমওতে অংশ নিচ্ছে।সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবারের অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেন। তারা হলো চট্টগ্রাম কলেজের ধনঞ্জয় বিশ্বাস, খুলনা পাবলিক কলেজের কাজী হাসান জুবায়ের, সিলেট সরকারি মহিলা কলেজের নাফিজা আনজুম, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের সৌরভ দাস, ময়মনসিংহ জিলা স্কুলের ফাহিম ফেরদৌস ও ঢাকার মনিপুর হাইস্কুলের নূর মোহাম্মদ সফিউল্লাহ।তাদের দলনেতা বাংলাদেশ গণিত অলিম্পিয়াড দলের কোচ মাহবুব মজুমদার গত সোমবার আমস্টারডামের উদ্দেশে রওনা দিয়েছেন। দলের উপনেতা থাকবেন গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক মুনির হাসান। এ ছাড়া পর্যবেক্ষক হিসেবে যাবেন গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান।জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘২০০১ সালে প্রথম আলোর বিজ্ঞান প্রজন্ম পাতায় শুরু হওয়া নিউরনে অনুরণন এখন আমাদের সবার প্রাণের গণিত অলিম্পিয়াড। ২০০৪ সালে আমরা আইএমওর সদস্যপদ পেয়েছি আর ২০০৫ সাল থেকে আমরা অংশ নিচ্ছি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে। প্রতিবছরই আমাদের শিক্ষার্থীরা ভালো করছে। এবারও ভালো করবে, সে প্রত্যাশা করছি।’জামিলুর রেজা আরও বলেন, এবার দেশব্যাপী আয়োজিত ১৩টি আঞ্চলিক গণিত উৎসবে অংশ নেয় ১৮ হাজার শিক্ষার্থী। আঞ্চলিক উৎসবের বিজয়ী ৮২৯ শিক্ষার্থীর মধ্যে ৬৯৩ জন গত ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত নবম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নেয়। তাদের মধ্য থেকেই সেরাদের নিয়ে নির্বাচন করা হয়েছে ছয় সদস্যের বাংলাদেশ গণিত দল।ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ বাংলাদেশ গণিত দলের সদস্যদের শুভকামনা জানিয়ে বলেন, ‘আমরা গণিত অলিম্পিয়াডের সঙ্গে থাকতে পেরে গর্বিত।’ গণিতবিদ খোদাদাদ খান গণিত দলের সদস্যদের বলেন, ‘গণিতকে সেভাবে প্রচার করতে পারলেই বিজ্ঞানের প্রচার হবে।’প্রথম আলোর যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম গণিত দলের সদস্যদের উদ্দেশে বলেন, ‘প্রত্যাশা করছি, তোমরা দেশের জন্য গৌরব বয়ে আনবে।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক লুৎফুজ্জামান, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ প্রমুখ। অনুষ্ঠানে আইএমওতে ব্রোঞ্জ বিজয়ী নাজিয়া চৌধুরী, সামিন রিয়াসাত ও তারিক আদনান মুন, গণিত অলিম্পিয়াডের স্বেচ্ছাসেবক ও এবারের গণিত দলের সদস্যদের মা-বাবা উপস্থিত ছিলেন।