দেশে বর্তমানে বছরে ২৫ কোটি জোড়া জুতার চাহিদা রয়েছে বলে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানিয়েছেন। গতকাল বুধবার সংসদে জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী এ তথ্য জানান।
আমির হোসেন আমু জুতা প্রস্তুতকারী সমিতির দেওয়া তথ্য উল্লেখ করে বলেন, বাংলাদেশে বছরে সব ধরনের জুতার চাহিদা ২৫ কোটি জোড়া। কিন্তু উৎপাদিত হচ্ছে ২০ কোটি জোড়া। এ হিসেবে দেশে উৎপাদিত জুতায় চাহিদা মেটানো যাচ্ছে না।
চাহিদা মেটাতে জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে উৎপাদনে উৎসাহিত করতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ঢাকার কামরাঙ্গীরচর, বকশীবাজার, কেরানীগঞ্জ, কিশোরগঞ্জের ভৈরব, চট্টগ্রাম, চাঁদপুর, নাটোর, জয়পুরহাট, রংপুর, পঞ্চগড়, দিনাজপুরসহ সারা দেশের পাদুকা শিল্পগুচ্ছ চিহ্নিত করে সেগুলোর উন্নয়নে সমন্বিত কর্মসূচি গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।