দেশের টেকসই উন্নয়নে নারীর ক্ষমতায়ন অপরিহার্য: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কেননা অর্ধেক জনগোষ্ঠীকে দূরে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। গতকাল বুধবার রূপসী বাংলা হোটেলে নারী উদ্যোক্তা উন্নয়ন প্রয়াস কর্মসূচি উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সুষম ও টেকসই উন্নতির জন্য নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন অপরিহার্য।মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ‘জয়ীতা’ শীর্ষক এ কর্মসূচি গ্রহণ করেছে। মন্ত্রণালয়ের সচিব তারিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী এবং সংসদ উপনেতাসহ মন্ত্রিসভার উল্লেখযোগ্য সদস্য নারী। তবু দেশের নারী সমাজের বিপুল অংশ এখনো অবহেলিত।পরে প্রধানমন্ত্রী জয়ীতার লোগো উন্মোচনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে নগরের রাপা প্লাজায় স্থাপিত জয়ীতার উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।