দেশের তারকারা বিচলিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রচ্ছদ: জুনায়েদ আজীম চৌধুরী
প্রচ্ছদ: জুনায়েদ আজীম চৌধুরী

ধরুন, কোনো একটা ব্যস্ত রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে বাসে বসে আছেন। হঠাৎ খেয়াল করলেন, পাশের গাড়িতে বসে হাঁ করে ঘুমাচ্ছেন অসম্ভবকে সম্ভব করা জনপ্রিয় নায়ক অনন্ত জলিল! নিশ্চয়ই আপনি অবাক হবেন। বাসের অন্য যাত্রীদের মতো আপনিও হয়তো ভাববেন, অনন্ত জলিলও গাড়িতে ঘুমান! উৎসাহী কেউ কেউ মুঠোফোনের ক্যামেরায় সেই বিরল দৃশ্য ধারণ করে ছড়িয়ে দেবেন ফেসবুকে। প্রোফাইল পিকচার বা কভার ফটোতে স্থান পাবে ঘুমন্ত জলিলের ছবি। আর অতি উৎসাহী কেউ থাকলে বাস থেকে নেমে গাড়ির কাচে টোকা দিয়ে প্রিয় নায়কের আরামের ঘুম ভাঙিয়ে অটোগ্রাফ বা সেলফি তোলার আবদার করে বসবেন।
কিছুদিন আগেও এই দৃশ্য ঘটার আশঙ্কা ছিল না। কারণ, অনেক তারকা-বিশিষ্টজনেরাই তাঁদের গাড়িতে ব্যবহার করতেন কালো কাচ। ফলে গাড়ির ভেতরে তারা হাঁ করে ঘুমাচ্ছেন নাকি কাত হয়ে ঘুমাচ্ছেন, তা বাইরে থেকে দেখা যেত না। কিন্তু বেশ কয়েকটা অপহরণের ঘটনা ঘটার পর নিরাপত্তার স্বার্থে গাড়িতে কালো কাচ ব্যবহার করতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। নিষেধ অমান্য করে কেউ কালো কাচ ব্যবহার করলে জরিমানার সুব্যবস্থাও আছে। ফলে ‘প্রাইভেসি’ নিয়ে ব্যাপক দুশ্চিন্তার মধ্যে পড়েছেন তারকারা।
গাড়িতে ভ্রমণ করলে এখন সহজেই দেখা যাবে তাঁদের। পছন্দ করলে মানুষ অটোগ্রাফ বা ফটোগ্রাফের আবদার করে। কিন্তু অপছন্দ করলে ডিম, টমেটো মারতেও যে দেরি করে না, তা তো তারকাদের অজানা নয়। তাই ব্যাপারটি নিয়ে গভীর চিন্তা-ভাবনার অনুরোধ জানিয়েছে তারকা সমাজ। আশা করি কর্তৃপক্ষ ব্যাপারটি ভেবে দেখবে।