দেশের তিন কোটি শিশু দারিদ্র্যসীমার নিচে
দেশের মোট জনসংখ্যার ৪৫ শতাংশ (ছয় কোটি ৪৩ লাখ ৫০ হাজার) শিশু। তাদের ৪৬ শতাংশ অর্থাৎ দুই কোটি ৯৬ লাখ শিশুই দারিদ্র্যসীমার নিচে বাস করে। এদের মধ্যে চরম দারিদ্র্যপীড়িত শিশুর সংখ্যা ৭৪ লাখ।গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘দারিদ্র্য হ্রাস ত্বরান্বিতকরণে আর্থসামাজিক অসমতা নিরসন: সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনিয়োগ’ শীর্ষক জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। বাংলাদেশ অর্থনৈতিক সমিতি ও ইউনিসেফ এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিবেদনে বলা হয়, দরিদ্র শিশুদের ৬৪ শতাংশ স্বাস্থ্যসম্মত পয়োনিষ্কাশন সুবিধা, ৫৯ শতাংশ তথ্যলাভের অধিকার, ৪১ শতাংশ বাসস্থান এবং ৩৫ শতাংশ বিশুদ্ধ খাদ্য থেকে বঞ্চিত হয়। শিশুদের জন্য নেওয়া সরকারের ১৬টি কর্মসূচিতে বরাদ্দের পরিমাণ এক হাজার ৯০০ কোটি টাকা। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চারটি কর্মসূচিতে বরাদ্দ রাখা মাত্র ১৩০ কোটি যা মোট বাজেটের মাত্র দশমিক ৬৬ শতাংশ। প্রতিবেদনে শিশুদের জন্য বাজেট বরাদ্দ বাড়ানোর সুপারিশ করা হয়। অনুষ্ঠানে ‘প্রগ্রেস ফর চিলড্রেন: এচিভিং দ্য এমডিজিস উইথ ইকুইলিটি’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুর ৪১ শতাংশই বয়সের তুলনায় কম ওজনের। দরিদ্র ব্যক্তিদের মধ্যে এ হার ৫১ শতাংশ। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির হার যথাক্রমে ৮১ ও ৩৯ শতাংশ। প্রতি হাজারে দেশের পাঁচ বছরের কম বয়সী ৫৪ শিশু মারা যায়। প্রতিবেদন অনুযায়ী, দেশে বিশুদ্ধ পানি ব্যবহারের হার ৮০ শতাংশ। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আয়ের অসাম্য, অপুষ্টি, দারিদ্র্যের জন্য বিদ্যালয় থেকে ঝরেপড়া এবং জন্মের সময় উপযুক্ত সেবা না পাওয়া—এ চারটি দেশের শিশুদের প্রধান সমস্যা। এসব সমস্যা নিরসনে সরকার কাজ করছে। মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সম্প্রসারিত কার্যক্রম প্রয়োজন, যেন দেশের অনেক শিশু এ থেকে সুবিধা পায়। ইউনিসেফের বাংলাদেশস্থ আবাসিক প্রতিনিধি ক্যারল ডি রয় বলেন, সরকারের উন্নয়ন কৌশলের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনিয়োগ করা। এটি দেশের সামগ্রিক দারিদ্র্য কমাতে ও এমডিজি অর্জনে সহায়ক হবে। অধ্যাপক আবুল বারকাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আশরাফ উদ্দিন চৌধুরী, তথ্য কমিশনার সাদেকা হালিম ও সেন্টার ফর পলিসি ডায়ালগের প্রধান গবেষক ফাহমিদা খাতুন।