দেশের দুই প্রান্তের শহীদ মিনার

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এখন সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। বিশ্বের সর্ব উত্তরে কোন দেশে শহীদ মিনার আছে, তা আমার এই মুহূর্তে জানা নেই। কিন্তু আমাদের দেশের সর্ব উত্তরের কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তায়। আর দেশের সর্ব দক্ষিণের শহীদ মিনার রয়েছে সেন্ট মার্টিনে।
ভ্রমণপিপাসু হিসেবে এই দুই স্থানেরই শহীদ মিনার একাধিকবার দর্শনের সুযোগ আমার হয়েছে। তবে একুশে ফেব্রুয়ারি তারিখে সর্ব উত্তরের শহীদ মিনার দর্শন ও ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সুযোগ আমার এবারই হয়েছে।
এ দেশের ঋতুচক্রের প্রেক্ষাপটে ভ্রমণপিপাসুরা সাধারণত নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করে থাকেন। একুশে ফেব্রুয়ারি আমাদের বিশেষ দিন। এই বিশেষ দিনে লক্ষ্য করলাম, স্থানীয় জনগণ শহীদ মিনারে ফুলে ফুলে ছেয়ে দিয়ে শ্রদ্ধা জানিয়েছে। পাশাপাশি দেখলাম, অসংখ্য ভ্রমণপিপাসু এই জেলায় বিভিন্ন স্থান দর্শন করছেন। মন খারাপ হলো তখনই, যখন উপলব্ধি করলাম—দর্শনার্থীরা চা-বাগান, মহানন্দা নদী, পাথর, জিরোপয়েন্ট, আলোকিত কাঁটাতারের বেড়ার সৌন্দর্য উপলব্ধি করতে হুমড়ি খেয়ে পড়ছেন; কিন্তু নজরে পড়ল না এই ভ্রমণপিপাসুরা একুশে ফেব্রুয়ারিতে ভিড় করে সেই শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করছেন।
ভ্রমণপিপাসুরা হয়তো নিজ নিজ স্থানে শহীদ মিনারে শ্রদ্ধা দিয়েই এসেছেন। কিন্তু ভ্রমণের সুবাদে দেশ-বিদেশের বিভিন্ন পর্যটক সর্ব উত্তরের কেন্দ্রীয় শহীদ মিনার এদিন দর্শন করলে, আমার উপলব্ধি ‘তা’ অন্য মাত্রা এনে দেয়, এনে দিত, এনে দেবে।

১৯৫২ সালের ২২ ফেব্রুয়ারি বর্তমান ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের স্থলে ছাত্র-জনতা শহীদ মিনার স্থাপন করেছিল। দেশবাসীর মনে একটি আকাঙ্ক্ষা থাকে এই বিশেষ দিনে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবে। বর্তমান প্রজন্মের মনে এটাও তো বীজ বপন করা যায় যে দেশের বিভিন্ন স্থানে গিয়ে এই বিশেষ দিনে শ্রদ্ধা জানানোর। বোধকরি সর্ব উত্তরের এই শহীদ মিনারটি স্বল্প পরিসরে নির্মিত, সে কারণে হয়তো নজর কাড়েনি।
বর্তমান প্রজন্ম তথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাসকে জাগরিত করে দেওয়ার জন্য দেশের দর্শনীয় স্থানগুলোর শহীদ মিনার আরও বড় পরিসরে এবং তার পাশাপাশি জাদুঘর, পাঠাগার নির্মাণ করলে স্থানীয় জনগণ তো বটেই পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাস দেশ থেকে দেশান্তরে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে।
বিশেষ স্থানগুলোর ছবি তোলা এবং সংগ্রহ করা আমার শখ। দেশের সর্ব উত্তরের ও সর্ব দক্ষিণের শহীদ মিনারের ছবি নিজ হাতে তোলা আমার জীবনের অনেক বড় অর্জনের দুটি।
সেন্ট মার্টিন ভ্রমণের সময় এই বিশেষ দিন ছিল না বটে, কিন্তু পর্যটকদের সমুদ্রসৈকত, প্রবাল, মাছ, সাম্পান, সাইক্লিং ও সাঁতার নিয়েই ব্যস্ততা দেখেছি। হয়তো হতে পারে এমনটি—ছোট্ট শিশুটি যে কিনা মা-বাবার হাত ধরে শহীদ মিনারে শ্রদ্ধারত অবস্থার একটি মুহূর্তের ছবি পরবর্তী সময়ে শিশুটিকে অনেক বেশি অনুরণিত করবে ভাষা আন্দোলনের ইতিহাসের প্রতি; এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম অনুপ্রাণিত হবে।
*লেখক
উপাধ্যক্ষ, দিনাজপুর মেডিকেল কলেজ, দিনাজপুর