দেশের দুর্নীতি ৭০ ভাগ কমেছে: মোশাররফ
বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে ডিজিটাল পদ্ধতি চালু করায় দেশের দুর্নীতি ৭০ ভাগ কমেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
আজ শনিবার দুপুরে ফরিদপুর শহরের কবি জসীমউদদীন হলে ফরিদপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, সরকার একটি সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এ কারণেই বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতীয় আয় গত ৬-৭ বছরে সাড়ে ৪০০ ডলার থেকে ১৪০০ ডলারের উন্নীত করা সম্ভব হয়েছে।
মন্ত্রী আরও বলেন, যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে তাতে ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশ স্বীকৃতি পাবে। তখন আমাদের গড় মাথাপিছু আয় হবে সাড়ে চার হাজার ডলার।
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য ব্যাপক কর্মকাণ্ড হাতে নেওয়া হয়েছে বলেও মন্ত্রী জানান। তিনি বলেন, গ্রামগঞ্জের রাস্তাঘাট, সেতু ও কালভার্ট নির্মাণে বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক দল করতে এলে সবাইকে একমতের হতে হবে এমন নয়, দলের মধ্যে মতবিরোধ ও ভিন্নমত থাকবে। এই ভিন্নমতই গণতন্ত্রের প্রথম পাঠ। আর গণতন্ত্রের বৈশিষ্ট্য হলো একমতের সঙ্গে অন্যমতের অমিল।
মন্ত্রী আসন্ন ২২ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলনে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জয়নুল আবেদীন। তবে তিনি অসুস্থ হয়ে পড়লে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হোসেন মৃধা। এতে বক্তব্য দেন আওয়ামী লীগের নেতা খন্দকার মোহতেশাম হোসেন, সৈয়দ মাসুদ হোসেন, মাহবুব আলী খান, সাহেব সরোয়ার, শওকত আলী, মো. আকরাম হোসেন, কাওসার মোল্লা, মো. শাহজাহার মীরদাহ প্রমুখ।
২০০৫ সালের ১৬ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২২ মার্চ ফরিদপুর অম্বিকা ময়দানে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।