দেশের দ্বিতীয় কৃত্রিম প্রজনন গবেষণাগার উদ্বোধন
রাজশাহীতে গতকাল বুধবার দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম প্রজনন গবেষণাগারের উদ্বোধন করা হয়েছে। গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ি হাটে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক এর উদ্বোধন করেন। এর নাম দেওয়া হয়েছে আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই গবেষণাগারে হিমায়িত সিমেন (শুক্রাণু) সংরক্ষণ করা হবে। ওই সিমেন উত্তরবঙ্গসহ দেশের গবাদিপশুর জাত উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। ফলে দেশের দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি পাবে।
গবেষণাগার উদ্বোধন শেষে গতকাল নগরের ডা. কাইছার রহমান মেডিকেল কলেজ মিলনায়তনে এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী ছায়েদুল হক। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দীন। কর্মশালায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. মোজ্জাম্মেল হক সিদ্দিকী।
ছায়েদুল হক বলেন, দেশে দুধের এক হাজার ২০০ কোটি টাকার বাজার রয়েছে। এই বাজারের বেশির ভাগই রয়েছে বিদেশিদের দখলে। গবাদিপশুর জাত উন্নয়ন করে দুধের এই টাকা বাংলাদেশেই রাখার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া হচ্ছে। মন্ত্রী আরও বলেন, গবাদিপশু দারিদ্র্য বিমোচনের গুরুত্বপূর্ণ হাতিয়ার। গ্রাম পর্যায়ে কৃত্রিম প্রজনন কর্মসূচি পৌঁছাতে পারলে দেশের অর্থনীতির চেহারা পাল্টে যাবে। রাজশাহী বিভাগ দুধ উৎপাদনে দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে অনেক এগিয়ে আছে। কিন্তু এখনো আশানুরূপ পর্যায়ে যায়নি। গুরুত্ব বিবেচনা করে তাই রাজশাহী অঞ্চলেই কৃত্রিম প্রজননের গবেষণাগার স্থাপন করা হয়েছে।