দেশের নির্মাণ খাতে গত বছর ১৩৪ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইটভাটার ধুলা আর শরীরের ঘামে মাখামাখি এক শ্রমিক। সিলেটের মিরেরচক এলাকায়।  আনিস মাহমুদ
ইটভাটার ধুলা আর শরীরের ঘামে মাখামাখি এক শ্রমিক। সিলেটের মিরেরচক এলাকায়। আনিস মাহমুদ
>
  • গত বছর পরিবহন খাতে সর্বোচ্চ মৃত্যু (৩০৭ জন)।
  • নির্মাণ খাতে ১৫ বছরে নিহতের সংখ্যা ১ হাজার ৩৭৭।
  • নির্মাণ খাতে শ্রমিকদের পঙ্গু হওয়ার পরিসংখ্যান উদ্বেগজনক।
  • গত ছয় বছরে নির্মাণ খাতে আহত হয়েছেন ৫২৫ জন।
  • ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়।

রাজধানীর আদাবরে নির্মাণাধীন একটি বহুতল ভবন। এর সাততলায় রশিতে ঝোলানো মাচায় দাঁড়িয়ে কাজ করছিলেন দুই শ্রমিক। হঠাৎ রশি ছিঁড়ে তাঁরা নিচে পড়ে যান। একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। অন্যজন গুরুতর আহত হন।

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) তথ্যমতে, দেশের নির্মাণ খাতে গত বছর ১৩৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। বিলসের পরিসংখ্যান বলছে, পরিবহন খাতের (৩০৭ জন নিহত) পর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে এ খাতে। শুধু ২০১৭ সালেই নয়, কয়েক বছর ধরেই এ প্রবণতা দেখা যাচ্ছে বলে জানান বিলসের অ্যাডভোকেসি কর্মকর্তা মো. নজরুল ইসলাম। ২০০২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৫ বছরে নিহত হয়েছে ১ হাজার ৩৭৭ জন নির্মাণশ্রমিক।

এ খাতসংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, মালিকদের অবহেলা, শ্রমিকদের সচেতনতার অভাব এবং শ্রম আইনের সঠিক বাস্তবায়ন না হওয়া এবং এ আইনের দুর্বলতার কারণে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা ঘটছে। এ মৃত্যুর বাইরে শ্রমিকদের পঙ্গু হওয়ার পরিসংখ্যানও বেশ উদ্বেগজনক। বিলসের হিসাবে, ২০১২ সাল থেকে গত ছয় বছরে আহত হয়েছেন ৫২৫ জন। বেশির ভাগ ক্ষেত্রেই প্রয়োজনীয় ক্ষতিপূরণও পান না ভুক্তভোগী বা তাঁর পরিবারের সদস্যরা।

আদাবরের ঘটনাটি গত ১৬ এপ্রিলের। নিহত ও আহত দুই শ্রমিকের সহকর্মী মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, নিহত শ্রমিকের নাম মুজিবুর রহমান ও আহত শ্রমিকের নাম মো. ইউসুফ। হারুন নামে এক ঠিকাদারের মাধ্যমে তাঁরা কাজ করতে এসেছিলেন। নিরাপত্তা সরঞ্জাম হেলমেট ও বেল্টের জন্য ঠিকাদারকে একাধিকবার বলা হলেও তিনি সরবরাহ করেননি। দুর্ঘটনার পর থেকে ঠিকাদার হারুনকে আর দেখা যাচ্ছে না।

শ্রম আইন অনুযায়ী, কর্মক্ষেত্রে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নিয়োগকারীর। শ্রমিকের ব্যক্তিগত সুরক্ষা যন্ত্রপাতি সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করা ছাড়া নিয়োগকারী কাউকে কাজে নিয়োগ করতে পারবেন না।

আইনে এমন বাধ্যবাধকতা থাকলেও রাজধানীর একাধিক নির্মাণাধীন ভবন পরিদর্শন করে দেখা গেছে, হেলমেট, গামবুট, নিরাপত্তা বেল্টসহ নিরাপত্তা উপকরণ ছাড়াই কাজ করছেন শ্রমিকেরা। জানতে চাইলে একাধিক শ্রমিক বলেন, পেটের দায়ে তাঁরা কাজ করেন। দিন শেষে মজুরি পাওয়াই তাঁদের কাছে মুখ্য।

এ সম্পর্কে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বলেন, শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে শ্রম আইনে মালিক, শ্রমিক ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের নিয়ে ‘শিল্প স্বাস্থ্য সেফটি কমিটি’ গঠন করতে বলা হয়েছে। কেন্দ্রীয় পর্যায়ে একটি কমিটি থাকলেও তৃণমূল পর্যায়ে এই কমিটি নেই। ফলে শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিকদের নিয়োগকারী প্রতিষ্ঠান বা মালিক পক্ষকে চাপ দেওয়া সম্ভব হচ্ছে না। ইনসাবের তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ এই পেশার সঙ্গে জড়িয়ে আছেন প্রায় ৩৭ লাখ শ্রমিক।

জানতে চাইলে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবদুল আউয়াল প্রথম আলোকে বলেন, হতাহতের এসব ঘটনার বেশির ভাগই ঘটে ওপর থেকে পড়ে গিয়ে অথবা মাথায় ইট পড়ে। শ্রমিকেরা নিরাপত্তা বেল্ট ও মাথায় হেলমেট ব্যবহার করলে হতাহতের ঘটনা অনেক কম হতো। কেন তাঁরা এটি ব্যবহার করেন না জানতে চাইলে তিনি বলেন, এ ক্ষেত্রে আইন প্রয়োগের অভাব ও সংশ্লিষ্ট সব পক্ষের অসচেতনতাই দায়ী।

ক্ষতিপূরণ পর্যাপ্ত নয়
গত ১৯ এপ্রিল দুর্ঘটনার শিকার হন মনন নামে এক নির্মাণশ্রমিক। নিচতলায় কাজ করার সময় দেয়াল ভেঙে একটি ইট তাঁর মাথায় ও একটি পায়ে পড়ে। গুরুতর আহত অবস্থায় তিনি চিকিৎসাধীন আছেন। তাঁর স্বজন মো. মাহবুব বলেন, চিকিৎসা বাবদ প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। ভবন মালিক এক লাখ টাকার মতো দিয়েছেন।

২০১৬ সালের এপ্রিলে মোহাম্মদপুরের রিং রোডের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আল-আমিন (১৮)। আল-আমিনের বড় বোন মোছা. মরিয়ম প্রথম আলোকে বলেন, টাইলস কাটার কাজ করতেন আল-আমিন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে ভবন মালিক পরিবারের সদস্যদের মাত্র দেড় লাখ টাকা দিয়েছেন।

শ্রমিকনেতাদের দাবি, শ্রম আইনের দুর্বলতার কারণেই নিহত ও আহত শ্রমিক বা তাঁদের পরিবারের সদস্যরা পর্যাপ্ত ক্ষতিপূরণ পান না।

বিলসের অ্যাডভোকেসি কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শ্রম আইনে মৃত্যুর জন্য মাত্র এক লাখ এবং শ্রমিকের স্থায়ী অক্ষমতার কারণে সোয়া লাখ টাকা ক্ষতিপূরণের বিধান রাখা হয়েছে।

শ্রমিকনেতারা বলেন, একজন শ্রমিক মারা গেলে বা পঙ্গু হয়ে গেলে একটা পরিবার পথে বসে যায়। সেই বাস্তবতায় এবং চিকিৎসা খরচের কথা চিন্তা করলে এই টাকা নগণ্য। শ্রমিকনেতারা মৃত্যুর জন্য ক্ষতিপূরণ অন্তত ১০ লাখ ও পঙ্গুত্বের জন্য সাড়ে ১২ লাখ টাকা নির্ধারণের দাবি জানান।

সার্বিক বিষয়ে জানতে চাইলে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, ‘শ্রমিক-মালিকসহ সব পক্ষেরই সচেতনতার প্রয়োজন। আমরা চেষ্টা করছি মালিক-শ্রমিকেরা যাতে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেন।’ আর ক্ষতিপূরণের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান অবস্থা বিবেচনায় এটি পর্যাপ্ত নয়। আবার সব প্রতিষ্ঠানের আর্থিক সামর্থ্যও সমান নয়। আইন সবার কথা চিন্তা করেই করা হয়েছে। তবে এর বিকল্প হিসেবে মন্ত্রণালয় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন করেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কর্মস্থলে কেউ মারা গেলে মৃত ব্যক্তির পরিবার আবেদন করলে এই ফাউন্ডেশন থেকে দুই লাখ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয়। তাঁদের সন্তানেরা সরকারি মেডিকেল কলেজ বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়লে তিন লাখ টাকা সাহায্য দেওয়ার ব্যবস্থা আছে।