পাঁচতারা হোটেলের শীতাতপনিয়ন্ত্রিত আলোঝলমল মঞ্চে হাঁটাহাঁটি নয়। আয়োজনটি একেবারেই ব্যতিক্রম। শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজার আয়োজনটি নিখাদ ভালোবাসায় পরিপূর্ণ ছিল। দর্শকসারির সব আসন ছিল পূর্ণ। র্যা ম্পে হাঁটা মডেলদের পরনে দেশের তৈরি বৈশাখের পোশাক। এই নিয়েই ছিল পুরো আয়োজন। সেখান থেকে দেশের পণ্য কেনার আহ্বান জানানো হলো সবাইকে।
গতকাল শনিবার এই ফ্যাশন শোর আয়োজন করে ফ্যাশন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এফইএবি)। ‘ফ্যাশন উদ্যোগ বৈশাখী ফ্যাশন শো’ শিরোনামে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। দেশি ফ্যাশন শিল্প নিয়ে বক্তব্য দেন শিক্ষাবিদ বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন অভিনেতা আফজাল হোসেন। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি আজহারুল হক। অনুষ্ঠানে ফ্যাশন শোর পাশাপাশি সংগীত পরিবেশন করে জলের গান।
আসাদুজ্জামান নূর বলেন, ‘পয়লা বৈশাখ এখন সর্বজনীন এক উৎসবে পরিণত হয়েছে। প্রতিনিয়ত এতে ভিন্ন ভিন্ন মাত্রা যোগ হচ্ছে। পোশাকে বৈশাখের ছোঁয়াও তেমনি একটি। পয়লা বৈশাখের মতো সাংস্কৃতিক আয়োজন অন্ধকার থেকে আমাদের আলোর পথে হাঁটতে অনুপ্রাণিত করবে।’