দেশের পথশিশুদের অর্ধেকই মাদকাসক্ত
দেশে সুবিধাবঞ্চিত পথশিশু আছে সাড়ে ১১ লাখ। এর মধ্যে সাড়ে পাঁচ লাখই মাদকাসক্ত। শিশুদের মাদকাসক্তি নিয়ে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য উল্লেখ করা হয়। সেমিনারে আলোচকেরা বলেন, শিশুদের মাদকাসক্তি নিরসনে যে পারিপার্শ্বিক অবস্থা থাকতে হয়, তা বাংলাদেশে অপ্রতুল।
ঢাকা আহ্ছানিয়া মিশন মিলনায়তনে গতকাল শনিবার ‘শিশু মাদকাসক্তি নিরসনে করণীয়’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ঢাকা আহ্ছানিয়া মিশন। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেসরকারি সংস্থা কে এন এইচের দেশীয় সমন্বয়ক মারুফ মমতাজ।
প্রবন্ধে শিশুদের মাদকাসক্তি নিরাময়ের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা তুলে ধরা হয়। তার মধ্যে পর্যাপ্ত নিরাময় কেন্দ্র না থাকা, মাদকাসক্ত শিশুর প্রতি নেতিবাচক মনোভাব, সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বয়ের অভাব, মাদকাসক্ত শিশুদের চিকিৎসায় দক্ষ জনবলের অভাব, চিকিৎসা-পরবর্তী পুনর্বাসনের ব্যবস্থা না থাকা অন্যতম।
আলোচনা পর্বে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম বলেন, দেশে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের অপ্রতুলতা আছে। শুধু সুবিধাবঞ্চিত শিশুরাই মাদকাসক্ত, তা-ই নয়; ধনাঢ্য পরিবারের সন্তানেরাও মাদকাসক্তিতে জড়িয়ে পড়ছে। পরিবারের অবহেলা শিশুকে মাদকাসক্ত করে তোলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আমীর হোসেন বলেন, দেশে মোট মাদকাসক্তের ১০ শতাংশ শিশু।
কেন্দ্রীয় নিরাময় কেন্দ্রের প্রধান পরামর্শক সৈয়দ ইমামুল হোসেন বলেন, অল্প বয়সে মাদকাসক্ত হয়ে পড়লে শিশুদের মস্তিষ্কের বিকাশ হয় না। চিকিৎসার পরে পুনর্বাসনের ব্যবস্থা না থাকলে শিশুরা আবার মাদকাসক্তদের কাছেই ফিরে যায়।
আগে মাদকাসক্ত ছিল, বর্তমানে চিকিৎসা নিয়ে পুনর্বাসন-প্রক্রিয়ায় আছে এমন ১৬-১৭ বছরের একজন কিশোরী নিজের অভিজ্ঞতা তুলে ধরে। সে বলে, ‘সিগন্যালে ফুল বিক্রি করতাম। বন্ধুরা বইল্যা ডান্ডি (একধরনের মাদকদ্রব্য) খাওয়ান শুরু করাইল। পরে তিন মাস চিকিৎসা নিছি। এখন আমি সুস্থ। বিউটি পারলারের কাজ শিখতাছি।’
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবীর বলেন, মাদকাসক্তদের পুনর্বাসনে সরকারি ব্যবস্থা অপ্রতুল বলা যাবে না, বরং যে সুবিধা আছে সেগুলো ব্যবহার হচ্ছে না। কোনো শিশু নিগৃহীত, নির্যাতিত, মাদকাসক্ত হলে টোলমুক্ত ‘১০৯৮’ নম্বরে ফোন দিয়ে খোঁজ জানানো যাবে।
সভাপতির বক্তব্যে খন্দকার রাকিবুর রহমান বলেন, আগামী দুই মাসের মধ্যে সমাজসেবা অধিদপ্তরের আশ্রয় ও পুনর্বাসন কেন্দ্রগুলোতে এক হাজার সুবিধাবঞ্চিত শিশুকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। শিশু মাদকাসক্তদের চিকিৎসার্থে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমন্বিতভাবে কাজ করতে হবে।
সেমিনারে ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম, বেসরকারি সংস্থা আমিকের পরামর্শক জান্নাতুল ফেরদৌস, স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের যুগ্ম সম্পাদক মো. মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।