দেশের পথে রাশেদ রুবায়েত, ইমরানাকে পাঠানো হবে সিঙ্গাপুরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার স্থানীয় সময় বেলা সোয়া একটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাশেদ রুবায়েতকে পাঠানো হয়েছে। ছবি: কামরুল হাসান
শনিবার স্থানীয় সময় বেলা সোয়া একটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রাশেদ রুবায়েতকে পাঠানো হয়েছে। ছবি: কামরুল হাসান

ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় আহত যাত্রী রাশেদ রুবায়েতকে বাংলাদেশে পাঠানো হয়েছে। আজ শনিবার স্থানীয় সময় বেলা সোয়া একটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁকে দেশে ফেরত পাঠানো হয়েছে। অপর আহত ইমরানা কবির হাসির অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হবে।
রাশেদ রুবায়েতকে নিয়ে ওই দুর্ঘটনায় আহত বাংলাদেশি ১০ যাত্রীর মধ্যে ছয়জন কাঠমান্ডু ছাড়লেন।
বাংলাদেশ থেকে নেপালে পাঠানো মেডিকেল দলের অন্যতম চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক হোসাইন ইমাম প্রথম আলোকে বলেন, রাশেদ রুবায়েতকে ঢাকার বিমানবন্দর থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
হোসাইন ইমাম বলেন, আহত তিনজনের মধ্যে এখন কাঠমান্ডুতে থাকা ইমরানা কবির হাসির অবস্থা সংকটাপন্ন। তাই তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হবে। আরেক আহত যাত্রী কবির হোসেন এখন নরডিক হাসপাতালে আছেন। তাঁর অবস্থাও সংকটাপন্ন। কবিরের বিষয়ে তাই এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না চিকিৎসকেরা।


গতকাল শুক্রবার দেশে ফিরে আসেন বিধ্বস্ত ইউএস-বাংলার আহত তিন যাত্রী। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁদের বার্ন ইউনিটের কেবিনে নেওয়া হয়।
আহত এই তিনজন হলেন গাজীপুরের শ্রীপুরের বাসিন্দা সৈয়দ কামরুন্নাহার স্বর্ণা, আলমুন নাহার অ্যানি ও মেহেদি হাসান।
গত সোমবার নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজ দুর্ঘটনায় ৫১ যাত্রী নিহত হন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি।