বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, দেশের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সঙ্গে সামাজিক পরিবেশও মানুষের বসবাসের জন্য ক্রমেই কঠিন হয়ে পড়ছে। আগে দূষণ বেশি ছিল ঢাকায়। এখন ঢাকা সারা দেশেরই মুখচ্ছবি হয়ে উঠেছে।বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) চতুর্দশ দ্বিবার্ষিক সম্মেলনে টেকসই উন্নয়নবিষয়ক আলোচনায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে এ সম্মেলনের আয়োজন করা হয়।সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বাংলাদেশ একেক সময় একেকটি বিষয়ে শীর্ষ অবস্থানে উঠে যায়। একসময় দুর্নীতিতে শীর্ষে ছিল। পরিবেশদূষণে শীর্ষে আছে। সর্বশেষ শীর্ষস্থানে উঠে এসেছে সড়ক দুর্ঘটনায়। এসব বিপর্যয়কর অবস্থার জন্য তিনি সুশাসনের অভাব ও রাজনৈতিক সিদ্ধান্তকে দায়ী করেন। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত সেভেন্ড অলিং বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, বাংলাদেশ তার অন্যতম। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ডেনমার্ক সব সময় বাংলাদেশের পাশে থাকবে, সহায়তা দেবে।এফইজেবির চেয়ারম্যান কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে হাসান হাফিজ ও অরুণ কর্মকার যথাক্রমে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন উপস্থাপন করেন।জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি কাজী রওনাক হোসেন, বদিউল আলম, কাদের গণি চৌধুরী, মৃণাল কৃষ্ণ রায়, চৌধুরী মোহাম্মদ আলী প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।