প্রথম আলোর উদ্যোগে ওআরজি-কোয়েস্ট পরিচালিত: জনমত-জরিপ ৯-২০ এপ্রিল ২০১৩
দেশের পরিস্থিতি নিয়ে মানুষ কী ভাবছে

প্রথম আলোর উদ্যোগে পেশাদার জরিপ পরিচালনাকারী সংস্থা ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড সারা দেশে সম্প্রতি একটি জনমত জরিপ পরিচালনা করেছে। জরিপের জন্য মাঠপর্যায়ের তথ্য সংগ্রহ করা হয় গত ৯ থেকে ২০ এপ্রিল সময়কালে। জরিপে সাম্প্রতিক কালের গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রসঙ্গ নিয়ে উত্তরদাতাদের প্রশ্ন করা হয়। নির্বাচনকালীন সরকার: এ-সংক্রান্ত প্রশ্নে দেশের মানুষের মত প্রায় অভিন্ন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কার অধীনে হওয়া উচিত—এর জবাবে মানুষ নির্দলীয় কিংবা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জোরালো মত দিয়েছে। ৯০ শতাংশ মানুষ নির্দলীয় বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন করার পক্ষে। এর বিপরীতে, অর্থাৎ রাজনৈতিক বা দলীয় সরকারের অধীনে নির্বাচনের প্রতি সমর্থন জানিয়েছে মাত্র ৮ শতাংশ মানুষ। প্রথম আলোর উদ্যোগে ওআরজি-কোয়েস্ট রিসার্চ লিমিটেড পরিচালিত ২০১১ ও ২০১২ সালের জনমত জরিপে যথাক্রমে ৭৩ ও ৭৬ শতাংশ মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে মত দিয়েছিল। গত ছয় মাসে (আগের জরিপ করা হয়েছিল অক্টোবর, ২০১২) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে জনমত বেড়েছে অত্যন্ত লক্ষণীয়ভাবে—১৪ শতাংশ। দেশের পরিস্থিতি, সরকারের পদক্ষেপ: দেশের পরিস্থিতি সম্পর্কে মানুষের যে মত পাওয়া গেছে, তা অত্যন্ত হতাশাব্যঞ্জক। ৮৫ শতাংশ মানুষ বলেছে, দেশের অবস্থা খারাপ অথবা খুব খারাপ। এদের মধ্যে ৫০ শতাংশ মনে করে, দেশের অবস্থা খুবই খারাপ। বাকি ৩৫ শতাংশের ধারণা, দেশ খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এর বিপরীতে বর্তমান পরিস্থিতিকে ভালো বা খুব ভালো বলেছে মাত্র ১৩ শতাংশ মানুষ।
উদ্বেগের ব্যাপার হচ্ছে, গত এপ্রিলে জরিপ পরিচালনা করার সময় দেশের সামগ্রিক পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে সরকারের নেওয়া পদক্ষেপ নিয়েও মানুষের মধ্যে হতাশা কাজ করেছে। ৭৯ শতাংশ মানুষের ধারণা, উদ্ভূত জটিল পরিস্থিতি সরকার ঠিকভাবে সামলাতে পারেনি। ১৮ শতাংশ মানুষ সরকার যথাযথ পদক্ষেপ নিতে পেরেছে বলে মত দিয়েছে।
প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের এক বছর পূর্তির সময়ে পরিচালিত জনমত জরিপে অধিকাংশ মানুষের প্রত্যাশা ছিল, দেশে হরতাল ও সহিংসতাভরা রাজনৈতিক পরিস্থিতি আর ফিরে আসবে না। তাদের এ প্রত্যাশা ক্রমাগত বিবর্ণ হয়েছে। ২০০৯ সালে যেখানে মাত্র ৩৮ শতাংশ মানুষ বলেছিল নৈরাজ্যকর পরিস্থিতি আবার ফিরে আসবে, ২০১২ সালে সে সংখ্যা গিয়ে পৌঁছায় ৫৪ শতাংশে। মধ্যবর্তী সময়ে এ শঙ্কা ক্রমেই বেড়েছে। গত ছয় মাসে এ হার উল্লেখযোগ্য পরিমাণে ৩১ শতাংশ বেড়ে ৮৫ শতাংশে এসে দাঁড়াল।
যুদ্ধাপরাধের রায়ের পর: কাদের মোল্লা ও দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর সারা দেশে যে উত্তেজনাকর ও সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়, তা নিয়ন্ত্রণে সরকারের সক্ষমতা এই জরিপে প্রশ্নবিদ্ধ হয়েছে। রায় ঘোষণার পর সারা দেশে সৃষ্ট বিশৃঙ্খল অবস্থা সরকার সামলাতে পারেনি বলে মনে করেছে ৮১ শতাংশ মানুষ। ১৫ শতাংশ মানুষ মনে করেছে, ওই সময়ে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পেরেছে।
প্রসঙ্গত, ২০০৯ সালের জনমত জরিপে ৮৬ শতাংশ মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছে। মহাজোট সরকার এ বিচারের দায়িত্ব পালন করতে পারবে বলেও ৭৪ শতাংশ মানুষ তাদের আস্থা প্রকাশ করেছিল।
জামায়াত নিষিদ্ধের প্রশ্নে: জামায়াতে ইসলামীর রাজনীতি কি নিষিদ্ধ করা উচিত? ৬৫ শতাংশ মানুষ এ প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার বিপক্ষে মত দিয়েছে। জামায়াতকে নিষিদ্ধ করার পক্ষে মত এসেছে ২৫ শতাংশ মানুষের। ১০ শতাংশ উত্তরদাতা এ বিষয়ে কিছু জানে না বা মতামত জানাতে ইচ্ছুক নয়।
প্রসঙ্গত, ২০১০ ও ২০১১ সালে প্রথম আলো-ওআরজি-কোয়েস্টের জরিপে ৫৯ শতাংশ মানুষ ধর্মভিত্তিক দলগুলোকে রাজনীতি করতে দেওয়ার পক্ষে মত দিয়েছিল, জামায়াতে ইসলামী যার অন্তর্ভুক্ত ছিল বলে ধারণা করা যায়। সেপ্টেম্বর ২০১১ থেকে যুদ্ধাপরাধীদের বিচারকাজ অব্যাহত থাকার পটভূমিতে ২০১২ সালের জরিপে সংখ্যাটি ১৮ শতাংশ কমে ৪১ শতাংশে নেমে আসে। শাহবাগের গণজাগরণ মঞ্চ ও হেফাজতে ইসলামের আন্দোলন এবং যুদ্ধাপরাধের রায়-পরবর্তী সহিংসতার পটভূমিতে সর্বশেষ জরিপে জামায়াতকে নিষিদ্ধ করার বিপক্ষে জনমতের হার ২৪ শতাংশ বেড়ে ৬৫ শতাংশে এসে দাঁড়ায়।
প্রসঙ্গত আরও উল্লেখ্য, ২০১০, ২০১১ ও ২০১২ সালের প্রতিটি জরিপে জামায়াতে ইসলামীর পক্ষে ভোট দিতে ইচ্ছুক মানুষের সংখ্যা ছিল ৩ বা ৪ শতাংশ। এতে অনুমান করা যায়, দলটির প্রতি জনসমর্থন অত্যন্ত কম থাকলেও অধিকাংশ মানুষ তাদের রাজনীতি করার অধিকার হরণ করার পক্ষে নয়।
শাহবাগের গণজাগরণ মঞ্চ: মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডাদেশের রায় ঘোষণার পর তাঁর ফাঁসির দাবিতে ফুঁসে ওঠা শাহবাগ আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে প্রায় এক-চতুর্থাংশ উত্তরদাতা। গত ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া শাহবাগের গণজাগরণ মঞ্চ আন্দোলনের পক্ষে রয়েছে ২৩ শতাংশ মানুষ। ৫৮ শতাংশ মানুষ জানিয়েছে, এ আন্দোলনে তাদের সমর্থন নেই।
উল্লেখযোগ্য পরিমাণ—অর্থাৎ প্রায় ১৭ শতাংশ—উত্তরদাতা যে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন সম্পর্কে কিছু জানে না, তা-ও লক্ষণীয়। স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যায়, এ আন্দোলন সম্পর্কে ধারণা আরও ব্যাপক থাকলে পক্ষে-বিপক্ষের সংখ্যায় আরও তারতম্য ঘটতে পারত।
উল্লেখ্য, সূচনাপর্বে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলন বিপুল জনসমর্থন পায়। একপর্যায়ে তাদের ব্যাপারে সরকার ও প্রধান বিরোধী দল বিএনপি পরস্পরবিরোধী অবস্থান নেয়। এর পর পর গণজাগরণ মঞ্চ সম্পর্কে বিভিন্ন অপপ্রচারণা ছড়ানো হলে অনেকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৬ মে শাহবাগের গণজাগরণ মঞ্চ অপসারণ করেছে।
বিএনপি-জামায়াত সম্পর্ক: অধিকাংশ মানুষ জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির রাজনৈতিক গাঁটছড়ার বিপক্ষে মত দিয়েছে। প্রশ্ন করা হয়েছিল, জামায়াতে ইসলামীর সঙ্গে কি বিএনপির জোটবদ্ধ থাকা উচিত? ৫১ শতাংশ মানুষ জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক রাখার বিপক্ষে মত দিয়েছে। এ সম্পর্ককে সমর্থন করেছে ৩৬ শতাংশ মানুষ। ১৩ শতাংশ মানুষ হয় এ বিষয়ে কিছু জানে না, কিংবা কোনো মতামত দেয়নি।
আওয়ামী লীগ-জাতীয় পার্টি সম্পর্ক: আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সম্পর্ক নিয়ে বেশির ভাগ মানুষ বিরূপ মত দিয়েছে। ৫৯ শতাংশ মানুষ বলেছে, জাতীয় পার্টির সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিকভাবে জোটবদ্ধ থাকা উচিত নয়। তাদের জোটবদ্ধ থাকার পক্ষে মত দিয়েছে ২৬ শতাংশ মানুষ। এ সম্পর্কে মত দেয়নি বা এ বিষয়ে অজ্ঞতা প্রকাশ করেছে ১৫ শতাংশ মানুষ।
সামরিক হস্তক্ষেপ: দেশের বর্তমান পরিস্থিতিতে সামরিক বাহিনী হস্তক্ষেপ করতে পারে কি না—এ প্রশ্নের জবাবে ৪১ শতাংশ মানুষ বলেছে, তারা মনে করে এ অবস্থায় সামরিক বাহিনী হস্তক্ষেপ করতে পারে। পক্ষান্তরে ৩৫ শতাংশ মানুষের ধারণা সামরিক বাহিনী হস্তক্ষেপ করবে না। ২৩ শতাংশ মানুষ এ ব্যাপারে নিশ্চিত নয় বা কিছু জানে না।