দেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের প্রবাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীরা দেশের রাজনৈতিক অচলাবস্থা নিয়ে খুবই উদ্বিগ্ন। প্রবাসীদের আড্ডায়-আলোচনার প্রধান বিষয় এখন দেশের রাজনৈতিক পরিস্থিতি।

নিউইয়র্ক প্রবাসী বিএনপির সমর্থক ফখরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, বিরোধী দলের নেতা তো বলেই দিয়েছেন ২৭ অক্টোবরের পর বর্তমান সরকার অবৈধ। এ সরকারের কাছে আর দাবি জানানোর কিছু নেই। তিনি বলেন, আওয়ামী লীগের পরিকল্পনার ফাঁদে বিএনপি সহজেই আটকা পড়ে যাচ্ছে।

জ্যাকসন হাইটসের এক আড্ডায় আওয়ামী লীগের সমর্থক প্রবাসী আবুল বাশার বলেন, একাত্তর সালে যুদ্ধ করে বাংলার মানুষ বলে দিয়েছে, বাংলাদেশ কারা শাসন করবে। স্বাধীনতাবিরোধী ও তাদের সহযোগীদের পুনরায় ক্ষমতায় যাওয়া যেভাবেই হোক, প্রতিহত করতে হবে।

আড্ডায় যোগ দেওয়া আরেক প্রবাসী আবদুল আলীম বলেন, ধর-পাকড়, জেল, জুলুমের ফলে বিএনপির এখনই ত্রাহি ত্রাহি অবস্থা। তাদের চাপে রেখেই নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় জয়লাভ করবে। অসমাপ্ত কাজ সমাধানের জন্য আওয়ামী লীগের নির্বাচনী কৌশলকে সমর্থন জানান তিনি।

নিউইয়র্কে বসবাসরত ফারজানা ইয়াসমিন বলেন, আওয়ামী লীগের পাতা ফাঁদে বিএনপি ঠিকই আটকে যাচ্ছে। তিনি মনে করেন, খালেদা জিয়া নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলে পরিস্থিতি পাল্টে যাবে।

নিউজার্সিতে বসবাসরত শওকত রহমান মনে করেন, ৩০০ আসনে এখন আর কারচুপি করার তেমন সুযোগ নেই।

প্রবীণ প্রবাসী রোজিনা বেগম বলেন, ডিসেম্বরে দেশে যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন। তিনি বলেন, দুই নেত্রী কাকে হেয় করবেন, এ নিয়ে মরণ খেলায় মেতে উঠেছেন। একমাত্র সৃষ্টিকর্তাই দেশের মানুষকে এ অবস্থা থেকে মুক্তি দিতে পারেন।

নিউজার্সিতে বসবাসরত আতিকুর রহমান বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ দমনে কঠোর হয়ে আওয়ামী লীগ পশ্চিমা বিশ্বে বাংলাদেশের জন্য একমাত্র বিকল্প হয়ে উঠেছে। বিএনপিকে বাইরে রেখেই নির্বাচন করা সম্ভব এবং পরবর্তী সময়ে সামাল দেওয়াও সমস্যা হবে না বলে মনে করেন তিনি।

ব্রুকলিনে বসবাসরত আবুল আহসান বলেন, একতরফা নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সর্বনাশা পথে যাত্রা শুরু করেছে। বাংলাদেশের উদারনৈতিক গণতন্ত্রমনা মানুষকে এর মাশুল গুনতে হবে বলে তিনি মন্তব্য করেন।

আমেরিকান বাংলাদেশ পাবলিক অ্যাফেয়ার্স কমিটির চেয়ারপারসন ও যুক্তরাষ্ট্র সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল মঈন চৌধুরী বলেন, রাষ্ট্রপতির হস্তক্ষেপে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। গতকাল জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলমান সংকট অব্যাহত থাকলে দেশে গৃহযুদ্ধ শুরু হবে। বিদেশে দেশের অর্জিত ভাবমূর্তি মারাত্মকভাবে বিপন্ন হয়ে পড়বে।