দেশের পশু দিয়েই সম্ভব কোরবানির চাহিদা পূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে গত বছর পশু কোরবানি হয়েছে প্রায় ১ কোটি ৫ লাখ। চলতি বছর দেশের বাজারে সরবরাহের জন্য প্রস্তুত রয়েছে ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার পশু। চাহিদা ১০ শতাংশ বৃদ্ধি পেলেও পশুর কোনো ঘাটতি হওয়ার কথা নয়। দেশে উত্পাদিত পশু দিয়েই এবারের কোরবানির চাহিদা পূরণ করা সম্ভব। কিন্তু তারপরও পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানি হচ্ছে।

রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) মিলনায়তনে গতকাল শনিবার আয়োজিত ‘গরুর অর্থনীতি: সংকট ও সমাধান’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল জার্নালিস্টস অ্যান্ড অ্যাক্টিভিস্টস ফেডারেশন (বিএজেএএফ) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) মহাপরিচালক ডা. মো. আইনুল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএজেএএফের সাংগঠনিক সম্পাদক সাহানোয়ার সাইদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অমিয় ঘটক।

বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক পরিচালক এম আসাদুজ্জামান বলেন, ‘দেশে একজন মানুষের যতটুকু প্রাণিজ আমিষ দরকার হয়, তার ২০ শতাংশ তারা পায়। ফলে গরুতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ এটা বলা যাবে না। আমাদের শুধু কোরবানির ঈদের চাহিদা নয়, সারা বছরের চাহিদা পূরণের কথা চিন্তা করে কাজ করতে হবে।’

সভায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. আনোয়ারুল হক বেগ বলেন, চার দশকে দেশ একটি ডেইরি বোর্ড গঠন করতে পারল না। সেই বোর্ডকে একটি কার্যকর মিশন ও ভিশন দিতে পারলে দেশের দুগ্ধশিল্প যেমন গতি পেত, তেমনি নারী কর্মসংস্থান ও দারিদ্র্য দ্রুত হারে কমিয়ে আনা সম্ভব হতো।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠানের (বিএফআরআই) সাবেক মহাপরিচালক ও কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম চামড়ার দাম কমানোর সমালোচনা করে বলেন, কয়েক বছরে চামড়ার রপ্তানি দ্বিগুণ হয়েছে কিন্তু চামড়ার দাম চলতি বছরে অর্ধেকে নামানো হয়েছে। ডা. মো. আইনুল হক বলেন, দুগ্ধ খাতে ঋণ দেওয়া হলেও সব ধরনের পশু পালনে সহজ শর্তে ঋণ প্রদানের কার্যক্রম শিগগিরই শুরু করা হবে। এ ছাড়া খামারিদের নিরাপত্তায় বিমা চালু করা হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. মো. মেহেদী হাসান, ডিএলএসের সাবেক মহাপরিচালক মোসাদ্দেক আলী, বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ এমরান, কেয়ার বাংলাদেশের পরিচালক আনোয়ারুল হক, প্রাণ-ডেইরি লিমিটেডের চিফ ডেইরি (অপারেশন) ডা. মো. রাকিবুর রহমান, পিকেএসএফের মহাব্যবস্থাপক শরিফ আহমেদ চৌধুরী, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেইরিবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের চিফ ভেটেরিনারি অফিসার (সিভিও) ডা. মো. আবদুল হালিম ও ডিএলএসের সাবেক পরিচালক (উৎপাদন) ডা. অরবিন্দ কুমার সাহা বক্তব্য দেন।