দেশের পোশাকশিল্পে সমস্যা রয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পোশাকশিল্পে সমস্যা রয়েছে স্বীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তিনি দাবি করেছেন, এসব সমস্যা সমাধানে তাঁর সরকার খুব দ্রুত কাজ করে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন।নিউইয়র্ক থেকে স্যাটেলাইটের মাধ্যমে যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএনকে ওই বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন প্রধানমন্ত্রী। সাক্ষাৎকারটি নিয়েছেন সংবাদ চ্যানেলটির আন্তর্জাতিকবিষয়ক প্রধান প্রতিবেদক ক্রিশ্চিয়ান আমানপোর। সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সাভারের রানা প্লাজা ধস, বিদেশি গণমাধ্যমের কর্মীদের এ ঘটনার সংবাদ পরিবেশনের জন্য দেশটিতে আসার অনুমতি না দেওয়া, পোশাকশিল্পে নানা অনিয়ম, কাজের পরিবেশ নিয়ে পোপের মন্তব্য, পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন বিদেশি কোম্পানির বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার ঝুঁকি, শ্রমিকনেতা আমিনুল হত্যাসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী পোশাকশিল্পে সমস্যা থাকার কথা স্বীকার করে বলেন,‘হ্যাঁ, কিছু সমস্যা রয়েছে।’ তবে তিনি যোগ করেন, ‘ভবন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি তাদের অনুসন্ধান মন্ত্রিসভায় পেশ করবে। পাশাপাশি পরিস্থিতি উন্নয়নে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।’সাংবাদিক আমানপোর প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, ঢাকা ও এর আশপাশে এক লাখের বেশি পোশাক কারখানা পরিদর্শনে মাত্র ১৮ জন পরিদর্শক আছেন বলে খবর পাওয়া গেছে। এত কমসংখ্যক পরিদর্শক দিয়ে এত কারখানা সঠিকভাবে পরিদর্শন করা সম্ভব কি না। জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কেবল...ওই পরিদর্শকদের ওপরে নির্ভর করি না।’ তিনি বলেন, পরিস্থিতি উন্নয়নে রানা প্লাজা ধসের আগেই অনেক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে সার কারখানায় সংঘটিত দুর্ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, পৃথিবীর যেকোনো দেশে দুর্ঘটনা ঘটতে পারে।গত ২৩ এপ্রিল সকালে রানা প্লাজায় ফাটল দেখা দেওয়ার পর ভবনটি ধসে পড়তে পারে বলে স্থানীয় কর্মকর্তারা অনুমান করেছিলেন। এ বিষয়টি মনে করিয়ে দিলে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনি একেবারে ঠিক বলেছেন। দুর্ভাগ্যজনকভাবে (২৪ এপ্রিল) সকালে কারখানাগুলোর মালিকেরা কর্মীদের সেখানে প্রবেশে বাধ্য করেছিলেন।’ প্রধানমন্ত্রী ভবনটিতে থাকা পাঁচটি পোশাক কারখানার মালিকদের পাশাপাশি ভবনটির মালিক সোহেল রানাকেও ঘটনার জন্য দোষারোপ করেন। তবে রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁরা পার পেয়ে যেতে পারেন, এমন আশঙ্কার কথা উড়িয়ে দেন তিনি। তিনি বলেন, ‘অপরাধী অপরাধীই। আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা তাঁদের রক্ষা করার চেষ্টা করছি না।’ রানাকে যুবলীগের শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করা হলে প্রধানমন্ত্রী তার প্রতিবাদ জানিয়ে বলেন, ‘না, এটা সত্য না। আবার তিনি একাই ভবনটির মালিক নন।’এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাভারের ঘটনার পর আন্তর্জাতিক কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করা বন্ধ দেবে, এমন কোনো আশঙ্কা তিনি করছেন না। শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যার প্রসঙ্গ এবং আমিনুলকে শ্রমিক ইউনিয়নের নেতা হিসেবে উল্লেখ করা হলে প্রধানমন্ত্রী জানতে চান, তিনি কোন ইউনিয়নের সদস্য ছিলেন? কিন্তু এর সঠিক জবাব না পেয়ে তিনি সাংবাদিক আমানপোরের উদ্দেশে কয়েকবার বলেন, ‘আপনি ভুল।’সাক্ষাৎকারের শেষের দিকে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয় রানা প্লাজা ধসের খবর ঘটনাস্থল থেকে সরাসরি প্রচারের জন্য সিএনএনসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘এটা সত্য নয়। আমরা কখনোই কোনো গণমাধ্যমকে বাংলাদেশে আসতে বাধা দিই না।’ তবে ভিসা অফিসের মাধ্যমে বিধিনিষেধ আরোপের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রতিটি দেশেরই নিজস্ব আইনকানুন রয়েছে। সবাইকেই তা অনুসরণ করতে হবে।