আমরা স্বাধীন দেশের স্বপ্ন দেখেছি ইতিহাস থেকে অনুপ্রাণিত হয়ে। সত্য ও সুন্দর মানসিকতা গঠনে ইতিহাস গুরুত্বপূর্ণ। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন এসব কথা বলেন।‘ইতিহাস, ঐতিহ্য ও ধর্ম: বাংলাদেশে এখন’ শীর্ষক এই সভার আয়োজন করে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী। সভায় রাশেদ খান মেনন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দেশকে সঠিক পথে পরিচালিত করতে হলে আমাদের ইাতহাস থেকে শিক্ষা নিতে হবে। সাম্প্রদায়িকতা ও ধর্মান্ধতার বিষয়ে ইতিহাস থেকে জানতে হবে। এ বিষয়ের অন্যথা হলে দেশে ভয়ানক বিপর্যয় নেমে আসবে।’মেনন আরও বলেন, ধর্মের দুটি দিক রয়েছে। একটি হলো ধর্মবিশ্বাস, অন্যটি ধর্মের রাজনীতি। বর্তমানে দেশে ধর্মের রাজনীতির দিকটি বিরাজ করছে। হেফাজতে ইসলামের ব্লাসফেমি আইন প্রণয়নের দাবিকে (ইসলামের অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির জন্য আইন প্রণয়নের দাবি) মূলত জামায়াতে ইসলামির দাবি বলে তিনি উল্লেখ করেন।ঘাতক দালাল নির্মূল কমিটির প্রধান শাহরিয়ার কবির বলেন, যুক্তরাষ্ট্র জামায়াতে ইসলামীকে সাহায্য ও সহযোগিতা করার মাধ্যমে এ দেশে জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়, যাতে তারা এ দেশে অনুপ্রবেশ করতে পারে।সভাপতির বক্তব্যে মুনতাসির মামুন বলেন, ইতিহাস সম্মিলনী সংগঠনের উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের সঠিক চর্চার মাধ্যমে ইতিহাসকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়া। দেশের পাঠ্যক্রমে ধর্ম শিক্ষা ও নৈতিক শিক্ষা বাধ্যতামূলক হলেও মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ বাধ্যতামূলক নয়। তিনি মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ বাধ্যতামূলক করার দাবি জানান।সভায় আরও বক্তব্য দেন মাওলানা ফরিদউদ্দিন মাসউদ ও অধ্যাপক মাহবুবর রহমান।