মামলায় জড়িত শিশুদের হেফাজত নিশ্চিত করতে দেশের প্রতিটি জেলায় শিশু হেফাজতকেন্দ্র প্রতিষ্ঠা করা জরুরি। গতকাল মঙ্গলবার ‘শিশু আইন, ১৯৭৪ বাস্তবায়নে করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।ঢাকার মুখ্য মহানগর হাকিমের সম্মেলনকক্ষে আয়োজিত ওই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকার মুখ্য মহানগর হাকিম এ কে এম এনামুল হক। অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি বাংলাদেশ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক এম এনামুল হক। বক্তব্য দেন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন, ডিসি (প্রসিকিউশন) মনির হোসেন, জ্যেষ্ঠ জেল সুপার তৌহিদুল ইসলাম, সমাজসেবা উপপরিচালক হারুন অর রশিদ ও সাবেক পুলিশ সুপার তাজুল ইসলাম। বক্তারা বলেন, প্রচলিত বিচারব্যবস্থা অনেক ক্ষেত্রেই মামলায় জড়িত শিশুদের সার্বিক কল্যাণে কাজে আসছে না। কার্যকর শিশু বিচারব্যবস্থা প্রতিষ্ঠায় হাকিম নির্দিষ্ট করতে হবে। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়েও এমন শিশুদের জন্য আবাসনের ব্যবস্থা করতে হবে। মামলায় জড়িত শিশুদের সঙ্গে পুলিশকে আরও বেশি মানবিক আচরণ করতে হবে বলেও মন্তব্য করেন বক্তারা। বিজ্ঞপ্তি।