দেশের প্রত্যন্ত অঞ্চলে স্কাউট আন্দোলন ছড়িয়ে দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি জিল্লুর রহমান স্কাউট আন্দোলনকে আরও বেগবান ও জনপ্রিয় করতে এর কর্মপরিধি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে স্কাউটস নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সমৃদ্ধ জাতি গঠনে নতুন প্রজন্মকে আরও বেশি করে এ আন্দোলনে সম্পৃক্ত করতে হবে। বাসস।বঙ্গভবনে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ স্কাউটসের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ১৩ জন স্কাউটকে ‘রৌপ্য ব্যাঘ্র’ ও ২৪ জনকে ‘রৌপ্য ইলিশ’ দেওয়া হয়। এ দুটি পুরস্কার বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মাননা। বাংলাদেশের চিফ স্কাউট রাষ্ট্রপতি জিল্লুর রহমান পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে ব্যক্তি, পারিবারিক ও সমাজজীবনে স্কাউট আদর্শের প্রতিফলনের মাধ্যমে দেশের উন্নয়নে আত্মনিয়োগের জন্য তাদের প্রতি আহ্বান জানান।দেশের স্কাউট আন্দোলনের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, তরুণ প্রজন্মকে চরিত্রবান, দেশপ্রেমিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটের সদস্যরা গঠনমূলক ভূমিকা পালন করছে। তিনি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ স্কাউটিং সম্প্রসারণ’ ও ‘কাব স্কাউটিং’ প্রকল্প দুটির ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন। রাষ্ট্রপতি ২০১২ সালে বাংলাদেশে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৩তম আঞ্চলিক স্কাউট সম্মেলন অনুষ্ঠানে তাঁর সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন-ভাবনার মূল চালিকাশক্তি হবে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি। এর ভিত্তিতে আমাদের সব লক্ষ্য বাস্তবায়িত হবে।’অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটসের সভাপতি মমতাজুল ইসলাম ও প্রধান জাতীয় কমিশনার মো. আবুল কালাম আজাদ বক্তৃতা করেন।