দেশের প্রথম আট লেন মহাসড়কের উদ্বোধন ১৩ আগস্ট
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু পর্যন্ত আট লেন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। ১৩২ কোটি টাকা ব্যয়ে নয়টি প্যাকেজে সাড়ে সাত কিলোমিটার রাস্তা নির্মাণে সময় লেগেছে সাড়ে চার বছর। ২০১১ সালে জুলাই মাসে এ প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্প বাস্তবায়ন হওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক যাতায়াত নির্বিঘ্ন হয়েছে। ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গত মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় আট লেন সড়ক পরিদর্শনে এসে মন্ত্রী বলেন, এ সড়কটি দেশের প্রথম আট লেন-বিশিষ্ট সড়ক। এটি নির্মাণে অনেক সময় লেগেছে। কিন্তু ভালো কিছু করতে হলে সময় লাগতেই পারে। স্থানীয় প্রতিবন্ধকতা ও প্রথম ঠিকাদার মানসম্পন্ন কাজ না করায় নতুন করে কাজটি করতে গিয়ে সময় বেশি লেগেছে। তিনি আরও বলেন, দেশে যত বড় মহাসড়ক নির্মাণ করা হোক না কেন, সড়কগুলো দখলমুক্ত না হলে এর সুফল জনগণ পাবে না।
ওবায়দুল কাদের বলেন, আরও কয়েকটি মহাসড়ক পর্যায়ক্রমে আট লেনে উন্নীত করা হবে। স্থানীয় জনগণ ও পুলিশ মহাসড়কগুলোতে যাত্রীদের নিরাপত্তার জন্য ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন ও লোকাল বাসের জন্য পৃথক লেন করার দাবি জানান। এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আট লেন প্রকল্পের পরিচালক আবদুস সালামসহ ঢাকা ও নারায়ণগঞ্জ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।