দেশের প্রথম কমিউনিটি চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্প! ছোট্ট এক মেয়ে, ঢাকায় বেড়ে ওঠেছে, পড়ছে ইংরেজি মাধ্যমে। বাবার সঙ্গে প্রথমবারের মতো গ্রামের বাড়িতে আসে সে। এখানে এসে কলমি নামের প্রকৃতির মধ্যে বেড়ে ওঠা একটি মেয়ের সঙ্গে তার দেখা হয়। অর্পকে সঙ্গ দিতেই সব সময় তার সঙ্গে থাকে কলমি। এ মেয়েটির চঞ্চলতায় খুব বিরক্ত হয় অর্প। সে কলমিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু একদিন বৃষ্টি নামলে কলমির মন আর অর্পর নিষেধ মানে না। সে বৃষ্টিতে ভিজতে থাকে। অর্পও গ্রামীণ এই কিশোরীকে শায়েস্তা করতে বৃষ্টিতে নামে। তারপর বৃষ্টির অপার সৌন্দর্যের কাছে ধরা পড়ে যায়। প্রকৃতির সৌন্দর্যের কাছে নিজেকে সমর্পণে বাধ্য হয় সে। ভুলে যায় শহুরে জীবনের নিয়মনীতি, সতর্কতা।
এ রকম কাহিনি নিয়েই নির্মিত হয়েছে দেশের প্রথম কমিউনিটিভিত্তিক চলচ্চিত্র প্রত্যাবর্তন। এতে উঠে এসেছে গ্রাম্য রাজনীতি, দেশের শিক্ষাব্যবস্থায় বৈষম্য, ধর্ম ও শেকড়ের কথা।
এরই মধ্যে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বরেন্দ্র প্রডাকশন হাউজে আনুষ্ঠানিকভাবে প্রত্যাবর্তন-এর উদ্বোধন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ৫ অক্টোবর এর উদ্বোধনী শো অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের টিএসসির নাট্য প্রশিক্ষক ও নাট্য নির্মাতা আহসান কবীরের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় উত্তরবঙ্গের বিভিন্ন লোকেশনে চলচ্চিত্রটির শুটিং সম্পন্ন হয়েছে। এটি নির্মাণে কারিগরি সহায়তা দিয়েছে রাজশাহীর বরেন্দ্র প্রডাকশন হাউজ। ছবির প্রযোজক নওগাঁর পারভেজ চৌধুরী, জয়পুরহাটের মিজানুর রহমান ও রাজশাহীর নাসিমা আক্তার। চিত্রগ্রাহক কিশোর মাহমুদ, শিল্পনির্দেশক মনিরুজ্জামান মনি, গীতিকার শিবলী নোমান এবং সংগীত পরিচালনা করেছেন রকিবুল হাসান ও পাভেল।
আহসান কবির বলেন, দেশে এটিই প্রথম কমিউনিটিভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মূল সুর যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রেখেই কারিগরি দিকসহ কলাকুশলী সবাইকে ওই নির্দিষ্ট অঞ্চল থেকেই নেওয়া হয়েছে।