বাংলাদেশ সেনাবাহিনীতে প্রথম ছত্রীসেনা (প্যারাট্রুপার) দম্পতি হওয়ার গৌরব অর্জন করেছেন মেজর নুসরাত নূর আলী চৌধুরী ও মেজর মোহাম্মদ মঞ্জুরুল হক। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রায় তিন হাজার ফুট ওপর থেকে তাঁরা সফলভাবে প্যারাস্যুট জাম্প সম্পন্ন করেন। সিলেটে জালালাবাদ সেনানিবাসের পানিছড়া প্রশিক্ষণ মাঠে এ কোর্স সম্পন্ন হয়। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র স্পেশাল ফোর্সেস ইউনিট-১ প্যারা কমান্ডো ব্যাটালিয়নের তত্ত্বাবধানে গতকাল এ ট্রেনিং জাম্প কোর্সের আয়োজন করা হয়। ৪ এপ্রিল দুটি জাম্পের মাধ্যমে শুরু হয়েছিল সেনাবাহিনীর দ্বিতীয় নারী প্যারাট্রুপারের আকাশে ভাসার যাত্রা। ৮ এপ্রিল তিনটি ও গতকাল আরও তিনটি জাম্প সফলভাবে সম্পন্ন করেন সেনাবাহিনীর ইতিহাসে দ্বিতীয় নারী ছত্রীসেনা নুসরাত। তাঁর স্বামী মঞ্জুরুলও সেনাবাহিনীর একজন কমান্ডো ও ছত্রীসেনা। গতকাল প্রথম ছত্রীসেনা দম্পতি হিসেবে একইসঙ্গে সফলভাবে বিমান থেকে প্যারাস্যুট জাম্প সম্পন্ন করেন তাঁরা। প্রায় তিন হাজার ফুট ওপর থেকে মাটিতে অবতরণ করে নারীদের ইচ্ছাশক্তি ও প্রতিবন্ধকতাকে জয় করার কথা জানান নুসরাত। এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, ‘কোর্স শেষ করতে পেরে আমি আনন্দিত। আকাশে ওড়ার অনুভূতিটাই আলাদা। এ অনুভূতির কথা বলে বোঝানো যাবে না।’ একজন নারী এবং দম্পতির প্রথম এ অর্জন প্রসঙ্গে নুসরাত বলেন, দম্পতি হিসেবে এ অর্জনে দুজনের ইচ্ছাশক্তির জয় হয়েছে। ইচ্ছাশক্তি ও সামাজিক সীমাবদ্ধতার কারণে অনেক ক্ষেত্রে নারীরা চ্যালেঞ্জ নিতে চান না। তবে পরিবার থেকে সম্মতি পেলে নারীরা আরও ভালো কাজ করবেন। দম্পতির এ অর্জন ‘নুতন এক অধ্যায়’ বলে অভিহিত করে মোহাম্মদ মঞ্জুরুল বলেন, পরিবারই যেকোনো উন্নয়নের মূল ভিত্তি তৈরি করে দেয়। নারীদের মধ্যে অসীম সম্ভাবনা ও সংকল্প এবং কঠিনকে জয় করার ক্ষমতা রয়েছে। তাঁদের উজ্জীবিত করতে পরিবারের সহায়তা প্রয়োজন। ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর এম এম তৌহিদুল ইসলাম জানান, এর আগে গত ১২ ফেব্রুয়ারি দেশের প্রথম নারী ছত্রীসেনা হিসেবে ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস সফলভাবে এ কোর্স সম্পন্ন করেছেন। প্রসঙ্গত, নুসরাত ২০০৩ সালের ২ জুলাই এবং মোহাম্মদ মঞ্জুরুল ২০০২ সালের ২৬ জুন সেনাবাহিনীতে যোগ দেন।