দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চট্টগ্রামে
চট্টগ্রামে দেশের প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও ওয়ান স্টপ সার্ভিস সেন্টার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। চট্টেশ্বরী রোডে চট্টগ্রাম সদর সার্কেল ভূমি কার্যালয়ে গতকাল শনিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের ৭৫ থেকে ৮০ শতাংশ মামলা ভূমিসংক্রান্ত। দীর্ঘদিনের অব্যবস্থাপনার জন্য এই হাল হয়েছে। ভূমি ব্যবস্থাপনাকে এর আগে গুরুত্ব দেওয়া হয়নি। বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এডিবির সহায়তায় ভারতীয় একটি সংস্থা ৪৫টি জেলায় ভূমি কার্যালয়গুলোর আধুনিকায়ন (ডিজিটালাইজড) করবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. খলিলুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রামের ভূমি উপসংস্কার কমিশনার মোকসেদুর রহমান, চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম ও প্রকল্প বাস্তবায়নকারী সহকারী কমিশনার (ভূমি) সামিউল মাসুদ।