দেশের প্রথম পক্ষীশালা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউনিয়নের জঙ্গল নিচিন্তাপুর পাহাড়ে গড়ে তোলা হচ্ছে দেশের প্রথম পক্ষীশালা ও বিনোদন কেন্দ্র। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ কেন্দ্রটি গড়ে তোলার সার্বিক কাজ করছে। বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের কাল শনিবার কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। বন বিভাগ সূত্র জানায়, পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি সংরক্ষণের লক্ষ্যে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী প্রায় ১৮ কোটি টাকা ব্যয়ে এ পক্ষীশালা গড়ে তোলার উদ্যোগ নেন। চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বনবিটের সংরক্ষিত বনাঞ্চলের প্রায় ২১০ হেক্টর বনভূমিতে এ পক্ষীশালা গড়ে তোলার ঘোষণা দেন তিনি। পর্যটকদের আকৃষ্ট করতে পক্ষীশালার পাশাপাশি বিনোদন কেন্দ্র গড়ে তোলার ইচ্ছা পোষণ করেন তিনি। সেই সঙ্গে কেন্দ্রটির নাম শেখ রাসেল পক্ষীশালা ও বিনোদনকেন্দ্র করার প্রস্তাব দেন। রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান জানান, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের পরিদর্শক দল গত ৪ সেপ্টেম্বর জঙ্গল নিচিন্তাপুর এলাকা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। আবদুল মান্নান বলেন, পক্ষীশালাটি এক ধরনের বিশেষ নেট দিয়ে পাহাড়ি ভূমির উপরিভাগের অনেক উঁচু পর্যন্ত ঘিরে দেওয়া হবে। যার ভেতরে দেশি-বিদেশি নানা প্রজাতির হাজার হাজার পাখি অবাধে বিচরণ করবে। গড়ে তোলা হবে পাখির প্রাকৃতিক খাদ্য নিরাপত্তা। আর এ কেন্দ্রটি গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে জঙ্গল নিচিন্তাপুরের পাহাড়ে সীমানা নির্ধারণসহ জরিপ কাজ সম্পন্ন করেছে। আগামী ৭ আগস্ট শনিবার বন ও পরিবেশ প্রতিমন্ত্রী কোদালা বনবিট-সংলগ্ন সেগুন বাগিচা এলাকায় পক্ষীশালা ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বনসংরক্ষক মাকসুদ আলম জানান, কক্সবাজার জেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের আদলে শুধু পাখিদের জন্য অভয়ারণ্যভিত্তিক উন্মুক্ত এ পক্ষীশালা গড়ে তোলা হচ্ছে। যেখানে বৃক্ষ আচ্ছাদিত সবুজ পাহাড়ি বনে নানা প্রজাতির হাজার হাজার পাখি উড়ে বেড়াবে। পাখির কলতানে মুখরিত হবে বন। এ কেন্দ্র গড়ে তুলতে প্রায় তিন বছর সময় লাগবে বলে জানান তিনি। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, দেশের কোথাও এ ধরনের পক্ষিশালা ও বিনোদন কেন্দ্র নেই। মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় এ ধরনের কেন্দ্র রয়েছে।