দেশের প্রথম বিআরটি চুক্তি স্বাক্ষর
দেশের প্রথম বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) নির্মাণের চুক্তি সই করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর ও চীনা গেজৌবা গ্রুপ (China gezhouba group)। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এই চুক্তি সই হয়। এতে সড়ক ও জনপথের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান ও চীন গেজৌবা গ্রুপের এশিয়া ব্রাঞ্চের ব্যবস্থাপনা পরিচালক ঝাং তাইবাং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পটিতে প্রায় ২ হাজার ৪০ কোটি ব্যয় হবে। প্রকল্পে অর্থায়ন করবে বাংলাদেশ সরকার, এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা এবং গ্লোবাল এনভায়রনমেন্টাল ফ্যাসিলিটি।
প্রকল্প পরিচালক প্রকৌশলী এ কিউ এম ইকরাম উল্লাহ বলেন, গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটিএর মূল করিডরের দৈর্ঘ্য হবে সাড়ে ২০ কিলোমিটার। যার মধ্যে ১৬ কিলোমিটার হবে সমতলে এবং সাড়ে চার কিলোমিটার হবে উড়ালসড়ক। এই করিডরে থাকবে ২৫টি স্টেশন, দুটি টার্মিনাল, ছয়টি ফ্লাইওভার, আট লেনবিশিষ্ট টঙ্গী সেতু, আটটি কাঁচাবাজার, ৩২ কিলোমিটার ফুটপাত এবং গাজীপুরে একটি বাস ডিপো।
গাজীপুর সিটি করপোরেশন এলাকার জনগণের ঢাকা মহানগরীতে যাতায়াত সহজ ও নিরাপদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় গাজীপুর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিআরটি একটি উন্নতমানের বাসভিত্তিক গণপরিবহন ব্যবস্থা, যার মাধ্যমে যাত্রীরা কম সময়ে, নিরাপদে এবং আরামে যাতায়াত করতে পারবে। মহাসড়কের মাঝ বরাবর দুদিকে দুটি পৃথক লেনে নির্দিষ্ট বাস চলাচল করবে বিআরটি রুটে। প্রতি ঘণ্টায় উভয় দিকে ২৫ হাজার যাত্রী পরিবহন সক্ষমতা থাকবে এই রুটের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাংসদ জাহিদ আহসান, নাইমুর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্মাণ প্রতিষ্ঠানের বাংলাদেশ শাখার ব্যবসায়িক প্রতিনিধি লুইও জিয়ানফেং, মহাব্যবস্থাপক হু কিলি সংশ্লিষ্ট কর্মকর্তারা।