দেশের প্রবীণরা ভালো নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘১৮ বছর আগে স্বামী মারা গেছেন। ১৯ বছর আগে একমাত্র ছেলে বিদেশে চলে গেছে। মেয়েও থাকে বিদেশে। টাকা-পয়সা আছে, কিন্তু দেশে আমাকে দেখার কেউ নেই। ছেলে-মেয়েরাও আর দেশে ফিরবে না। ছেলে ও ছেলের বউ বিদেশে নিতে চায়। কিন্তু তারা দুজনই কর্মব্যস্ত। তাই বিদেশে গিয়ে তাদের খালি বাসায় থাকা আর জাহান্নামে থাকা একই কথা। তাই যত দিন বাঁচব, এই নিবাসেই থাকব।’আগারগাঁওয়ে সরকারের অনুদানপুষ্ট বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের প্রবীণ নিবাসে বসে এভাবেই নিজের কথা বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ নারী। এই প্রবীণের শরীর খুব খারাপ। কিন্তু অভিমান করে তা তিনি ছেলে ও মেয়েকে জানাননি। তাঁর ভাষায়, ‘তাদের মাকে দেখার সময় নেই। তাই অসুখের কথা জানানোরও আমার কোনো দরকার নেই।’ গত কয়েক দশকে দেশে এই ধরনের প্রবীণের সংখ্যা অনেক বেড়েছে। বিভিন্ন হিসাবে বর্তমানে তাঁদের সংখ্যা এক কোটি বা তারও বেশি। আজ ১ অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। দেশে সরকার ও বিভিন্ন বেসরকারি সংগঠন নানা আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করবে। ১৯৯০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘ দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়। ১৯৯১ সাল থেকে বিভিন্ন দেশ দিবসটি পালন শুরু করে। জাতিসংঘ এবার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘মাদ্রিদ সম্মেলনের ১০ বছর: বিশ্বব্যাপী প্রবীণদের সম্ভাবনা এবং অন্তরায়।’দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এক বাণীতে প্রবীণদের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। অধিকাংশ প্রবীণ ব্যক্তি মনে করেন, পরিবার থেকে শুরু করে সরকার পর্যন্ত কেউই তাঁদের নিয়ে চিন্তিত নয়। কম বয়সী প্রজন্ম ভুলে যায় তাদের অস্তিত্ব, বেড়ে ওঠা, উন্নয়ন-অগ্রগতির মূলে রয়েছে প্রবীণদের অবদান। প্রবীণদের সেবা করার পারিবারিক সংস্কৃতিও দিনে দিনে কমে যাচ্ছে। কাজ করতে না পারলেই পরিবারে প্রবীণদের বোঝা হিসেবে মনে করা হচ্ছে। দেশের প্রবীণেরা কেমন আছেন—এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের সাবেক মহাসচিব আবদুল মান্নান মিয়া প্রথম আলোকে বলেন, ‘দেশের মোট দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে প্রবীণদের সংখ্যাই বেশি। তাই তাঁরা আর ভালো থাকেন কী করে।’ প্রায় ৭০ বছর বয়সী আবদুল মান্নান মিয়া আরও বলেন, ‘উন্নত দেশে প্রবীণদের জন্য বাস, ট্রেনসহ বিভিন্ন যানবাহনে আসন সংরক্ষিত থাকে। ৬০ শতাংশ কম ভাড়ায় তাঁরা যাতায়াতের সুযোগ পান। হাসপাতালে তাঁদের জন্য থাকে আলাদা ওয়ার্ড। কিন্তু এ দেশে আমরা সে ধরনের কোনো সুযোগ পাই না। আমাদের অভিজ্ঞতাকেও কেউ কাজে লাগায় না। আমাদের জন্য নেই তেমন কোনো কর্মসূচিও।’একক পরিবার প্রথায় পরিবারের বয়স্ক সদস্যকে অনেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছেন বা অনেক প্রবীণ নিজে থেকেই সেই জীবন বেছে নিচ্ছেন। গাজীপুরে বেসরকারি উদ্যোগে পরিচালিত বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের তত্ত্বাবধায়ক মো. আবু শরীফ টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘বর্তমানে এখানে প্রায় ২০০ জন প্রবীণ বিনা মূল্যে থাকার সুযোগ পাচ্ছেন। যে ব্যক্তি তাঁর নিজের পরিবারকে আগলে রাখতেন, সেই ব্যক্তিই পরিবারছাড়া হয়ে মানসিকভাবে আর ভালো থাকতে পারেন না।’দিবসের কর্মসূচি: সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বিভিন্ন বেসরকারি সংগঠনের সমন্বয়ে গঠিত প্রবীণ দিবস উদ্যাপন কমিটি আজ সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং বেলা ১১টায় সিরডাপ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে। অফিসার্স ক্লাব ঢাকা সকাল নয়টায় ক্লাব প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার আয়োজন করেছে।কাকরাইলে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ও কর্মরত প্রবীণদের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বয়স্বী কল্যাণ সমিতি দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন এবং এ এস ফাউন্ডেশন সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করেছে।