আজ বিশ্ব পর্যটন দিবস। ‘পর্যটন সংস্কৃতির যোগসূত্র স্থাপনকারী’—এই স্লোগান সামনে রেখে আজ মঙ্গলবার সারা দেশে দিবসটি পালিত হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ পর্যটন বোর্ডসহ বিভিন্ন বেসরকারি সংস্থা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করবে। বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে বিশ্বের বেশির ভাগ দেশে দিবসটি পালিত হবে।পর্যটন দিবস উপলক্ষে পর্যটন বোর্ড আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করবে।পর্যটন দিবস উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, পাহাড়, সাগর, বন-বনানি এবং এ দেশের মানুষের সহজ-সরল জীবনযাত্রা আমাদের বিশেষভাবে বৈশিষ্ট্যমণ্ডিত করেছে। দেশীয় সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি বিশ্ব সংহতি, সৌহার্দ্য ও সম্পর্কের মধ্যে সেতুবন্ধ রচনায় এই দিবসের গুরুত্ব সুদূরপ্রসারি।প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যটন দিবসের বাণীতে বলেছেন, সংস্কৃতি একটি দেশ ও জাতির পরিচয়কে স্বকীয়ভাবে তুলে ধরে। বাঙালি সংস্কৃতিকে আমাদের অহংকার হিসেবে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ববাসীর কাছে এই সংস্কৃতি তুলে ধরতে হবে। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) পর্যটন দিবস উপলক্ষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই খাতের সম্ভাবনা কাজে লাগাতে পারলে বাংলাদেশ বছরে ১৪ হাজার কোটি টাকা আয় করতে পারে। বছরে ২০ লাখ পর্যটককে আকৃষ্ট করার মাধ্যমে এই আয় সম্ভব। আটাবের সভাপতি এম এ মোহাইমিন সালেহ বলেন, ২০০৯ সালের ১ নভেম্বর জারি করা পরিপত্রে বেশ কয়েকটি দেশের পর্যটকদের জন্য আগমনী ভিসা দেওয়ার কথা বলা হয়েছে। এই পরিপত্র কাজে লাগিয়ে ২০১২ সালের মধ্যে ২০ লাখ পর্যটককে আকর্ষণ করতে পারলে কমপক্ষে ২০০ কোটি টাকা আয় করা সম্ভব।