দেশের প্রেক্ষাগৃহ বাঁচাতে ভারতীয় চলচ্চিত্র আনার দাবি মালিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র বাঁচাতে ভারতীয় ছবি আনার দাবি জানালেন প্রেক্ষাগৃহ মালিকেরা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল বুধবার দুপুরে আয়োজিত ‘দেশের চলচ্চিত্রকে বাঁচান’ শিরোনামে এক সংবাদ সম্মেলনে তাঁরা সরকারের কাছে এ দাবি জানান।বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শন সমিতির নেতারা বলেন, ‘দেশীয় চলচ্চিত্রকে বাঁচাতে হলে দেশের প্রেক্ষাগৃহগুলোকে আগে বাঁচাতে হবে। এ জন্য দর্শককে প্রেক্ষাগৃহে আসার সুযোগ করে দিতে হবে। এ জন্য চাই উত্কৃষ্ট মানের ছবি। দরকার ভারতীয় চলচ্চিত্রের। তা না হলে, একে একে বন্ধ হয়ে যাবে সব প্রেক্ষাগৃহ। তখন আর দেশীয় চলচ্চিত্র প্রদর্শনেরও জায়গা থাকবে না।’সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি কাজী ফিরোজ রশিদ, সাবেক সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী, প্রদর্শক সফর আলী ভূঁইয়া, ইফখার উদ্দিন নওশাদ, মিয়া আলাউদ্দিন প্রমুখ।সমিতির নেতারা বলেন, সরকার দেশে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিচ্ছে না। অথচ কেব্ল লাইনের মাধ্যমে প্রতিদিনই কোনো রকম রাজস্ব না দিয়ে ওই চলচ্চিত্র অবাধে প্রদর্শিত হচ্ছে। একটি চলচ্চিত্র ভারতে মুক্তির পরদিনই তা সিডি ও ডিভিডিতে দেশে চলে আসছে। কিন্তু এগুলো যদি প্রেক্ষাগৃহে মুক্তি পেত, তাহলে সরকারের অনেক রাজস্ব আদায় হতো। সমিতির নেতারা আরও বলেন, দেশে এখন যেসব চলচ্চিত্র তৈরি হচ্ছে তার মধ্যে এক শাকিব খানের ছবি ছাড়া কারও ছবিই চলছে না। ফলে চলচ্চিত্র শিল্পে সবাই খুব খারাপ অবস্থায় আছে। যে প্রেক্ষাগৃহগুলো শুধু শাকিবের ছবি নিতে পারছে, তারাই টিকে থাকছে। যারা শাকিবের ছবি পায় না, তাদের প্রেক্ষাগৃহ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।